তারেক রহমান

নিশিরাতে নির্বাচন করতে দেব না

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১২:০১ এএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের দিন ফজরের ওয়াক্তে ভোটকেন্দ্রে গিয়ে ফজরের জামাত আদায় করতে হবে। গত ১৬ বছর যেমন নিশিরাতে নির্বাচন হয়েছিল, এবার আর তা করতে দেওয়া হবে না। এবার হচ্ছে জনগণের পালা, জনগণই সিদ্ধান্ত নেবে তারা কী করবে।

শুক্রবার রাতে রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তারেক রহমান বলেন, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের ভোটারদের ভোরবেলা ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। যাতে কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

রংপুরকে সম্ভাবনাময় অঞ্চল উল্লেখ করে তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও নেতৃত্বের মাধ্যমে এ বিভাগের আমূল পরিবর্তন করা সম্ভব। বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। এ ছাড়া এ অঞ্চলের মানুষ এনজিও থেকে যে ক্ষুদ্রঋণ গ্রহণ করেছে, তা সরকারের পক্ষ থেকে পরিশোধ করে দেওয়া হবে। ফলে সাধারণ মানুষকে আর সেই ঋণ দিতে হবে না।

তারেক রহমান বলেন, রংপুর বিভাগে কৃষিজাত পণ্যের শিল্প গড়ে তোলা হবে। যারা এ অঞ্চলে কলকারখানা স্থাপন করবেন, তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। এ ছাড়া আইটি কোম্পানিগুলো এখানে কেন্দ্র স্থাপন করলে তাদের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কর ছাড় দেওয়া হবে। এর মাধ্যমে এ অঞ্চলের মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

শহীদ আবু সাঈদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, আবু সাঈদসহ যে ১৪০০ ব্যক্তি শহীদ হয়েছেন, তাদের ত্যাগের মূল্যায়ন তখনই সম্ভব হবে, যখন এ দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে। ২০২৪ সালের ৫ আগস্ট যে পরিবর্তন হয়েছিল, তা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মাধ্যমে হয়নি। এ দেশের সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিল বলেই এ পরিবর্তন এসেছে।

নারী ও কৃষকদের জন্য বিশেষ সুবিধার কথা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, প্রতিটি মায়েদের কাছে একটি করে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে তারা স্বাবলম্বী হতে পারেন। একইভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে ‘কৃষক কার্ড’। এ কার্ডের মাধ্যমে কৃষকদের হাতে জমি অনুযায়ী বীজ, সার ও কীটনাশক তুলে দেওয়া হবে।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামুর সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ রংপুর বিভাগের ৩৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা।

ইএইচ