জামায়াত আমির

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১০:০৪ পিএম

যে সরকার জনগণের রায় মান্য করে না, সেটি কখনোই জনগণের সরকার হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শনিবার বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্য জোট আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াত আমির বলেন, ফাঁসির মঞ্চকে যারা জীবনের চেয়েও তুচ্ছ মনে করে রাজপথে নেমেছে, তাদের জেলের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। জনগণ যখন দেখবে জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার আন্তরিক তখন তারা বাহবা দেবে। কিন্তু যখন দেখা যাবে ৭০ ভাগ মানুষের রায়কে অগ্রাহ্য করা হচ্ছে, তখন জনগণ চুপ করে বসে থাকবে না।

আজ কক্সবাজারে এক জনসভায় দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী দাবি করেছেন মাদক আর সিগারেটের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তাঁর বিরুদ্ধে মিছিল করেছে। এসব বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন বিভ্রান্তিকর বক্তব্য এলে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সর্ববিষয়ে বিশারদ একজন ‘সর্বমন্ত্রী’ দেখা যাচ্ছে। এক মন্ত্রীই যেন সব মন্ত্রণালয় চালান, এমনকি প্রধানমন্ত্রীর হয়েও তাঁকে কথা বলতে হয়।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

জেএইচআর