আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১১:০২ এএম

আজ ২৩ জুন, ২০২৬, ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে পুরানো ঢাকার কে এম দাস লেনের ঐতিহাসিক রোজ গার্ডেনে তৎকালীন পাকিস্তানের প্রথম প্রধান বিরোধী দল হিসেবে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠা লাভ করে।

দলের প্রথম কাউন্সিলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি এবং শামসুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবুর রহমান সে সময় কারাগারে বন্দি ছিলেন। বন্দি অবস্থাতেই সর্বসম্মতিক্রমে তাঁকে প্রথম কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়।

পরবর্তীতে ১৯৫৩ সালে ময়মনসিংহে অনুষ্ঠিত দলের দ্বিতীয় কাউন্সিলে মওলানা আবদুল হামিদ খান ভাসানী সভাপতি এবং শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে ১৯৫৫ সালের ২১-২৩ অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে অনুষ্ঠিত তৃতীয় কাউন্সিলে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’ নামকরণ করা হয়। স্বাধীনতার পর দলটির নাম হয় ‘বাংলাদেশ আওয়ামী লীগ’।

১৯৬৬ সালের ১ মার্চ ঐতিহাসিক ‘ছয় দফা’ ঘোষণার প্রাক্কালে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ১৯৮১ সালের কাউন্সিলে শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। এর পর থেকে তিনি দলটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

উল্লেখ্য, বর্তমানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

জেএইচআর