বৈষম্যবিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় ঐক্য জোট। আন্দোলনের লক্ষ্য বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে জোটটি।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, জুলাই স্মরণে ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির মাধ্যমে গণ-অভ্যুত্থান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং বিগত সরকারের আমলে সংঘটিত গুম-খুনের বিচার দাবিকে জোরালো করা হবে।
হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং নির্বাচনকে ঘিরে বিভিন্ন অনিয়ম ও ফলাফল পরিবর্তনের অভিযোগ রয়েছে। তিনি আরও দাবি করেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্তৃত্ববাদী প্রবণতা ফিরে আসছে এবং বিচারিক প্রক্রিয়াও কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না।
জোটের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত বিভিন্ন স্থানে সেমিনার আয়োজন, চিত্র প্রদর্শনী, গ্রাফিতি অঙ্কন এবং জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত এলাকায় সভা-সমাবেশ। এছাড়া ৪ জুলাই রাজধানীর বাইরে সারা দেশে গণমিছিল অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
তার ভাষ্য, জুলাই সনদ বাস্তবায়ন ও চলমান আন্দোলনকে আরও গতিশীল করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এম জি