জাতীয় সংসদে ইসলামী ব্যাংক ও জামায়াতে ইসলামীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের জবাব দিতে গিয়ে ‘ফতোয়া’ প্রসঙ্গ টেনে বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি দাবি করেন, এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ফতোয়া নেওয়ার জন্য আর মাদ্রাসায় যাওয়ার প্রয়োজন নেই, সংসদ থেকেই তা দেওয়া হচ্ছে।
শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রামে এখন মানুষ বলছে, ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। বিষয়টি জানতে চাইলে তারা বলেন, সংসদেই যখন বলা হচ্ছে কে ইসলাম আর কে ইসলাম নয়, তখন এখান থেকেই ফতোয়া পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেমন বলেছেন, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়’, তেমনি ‘জামায়াতে ইসলামীও ইসলাম নয়’ বলে মন্তব্য করেছেন। তার দাবি, জামায়াতে ইসলামীকে জানতে হলে সংগঠনটির শতবর্ষের ইতিহাস জানতে হবে। জামায়াতে ইসলামী ইসলামী দল কি না, সেটি নিয়ে এভাবে ফতোয়া দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যের এক পর্যায়ে শাহজাহান চৌধুরী বলেন, এখন আর ফতোয়ার জন্য হাটহাজারী, পটিয়া কিংবা লালবাগে যাওয়ার দরকার নেই। তার ভাষায়, সংসদে যারা জামায়াতে ইসলামীকে ইসলামী দল নয় বলে মন্তব্য করছেন, তাদের কাছ থেকেই যেন এখন ফতোয়া নেওয়া হচ্ছে।
জামায়াতের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি দাবি করেন, দলটির ইতিহাস মূলত গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস। ইসলামের ওপর আঘাত এসেছে এমন প্রতিটি সময়ে জামায়াতে ইসলামী রাজপথে প্রতিবাদ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়েই দলটি রাজনীতি করে। নির্বাচনের আগে ঘোষিত ‘ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন কল্যাণময় রাষ্ট্র’ প্রতিষ্ঠার অঙ্গীকারের কথাও তিনি স্মরণ করিয়ে দেন।
বক্তব্যের শুরুতে তিনি গত ১৮ বছরে গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করাকে ‘বিচারিক হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর প্রসঙ্গেও বক্তব্য দেন শাহজাহান চৌধুরী। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সফর নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেখানে নির্বাচনের আগে দেওয়া ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানের প্রতিফলন দেখা গেছে।
উল্লেখ্য, গত ৯ জুন সংসদে ইসলামী ব্যাংক নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়। আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়। জামায়াতে ইসলামীও ইসলাম নয়।’ তিনি আরও বলেছিলেন, সব বিষয়ে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়। সেই বক্তব্যেরই জবাব দিতে গিয়ে শনিবার সংসদে নিজের অবস্থান তুলে ধরেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এএন