চরমোনাই পীর

বিরোধী দল সংসদে কার্যকর ভূমিকা পালন করতে পারছে না

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৬:০৩ পিএম
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তার মতে, সংসদে বিরোধী দল কার্যকর ভূমিকা পালন করতে পারছে না।

শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিশে শূরার সমাপনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন চরমোনাই পীর। তিনি বলেন, ক্ষমতায় আসার আগে বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সরকার গঠনের পর সেগুলোর বাস্তবায়ন হয়নি। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারের মধ্যে প্রয়োজনীয় সদিচ্ছা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, জনকল্যাণমূলক ও ইতিবাচক উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত। তবে অতীতের মতো করে দেশ পরিচালনার চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে, কেন্দ্রীয় মজলিশে শূরার অধিবেশনে সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। একই অনুষ্ঠানে মাওলানা গাজী আতাউর রহমানকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।

এএন