এনসিপির ‘জুলাই পদযাত্রা’ স্থগিত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:৪৮ পিএম

প্রতিকূল আবহাওয়া এবং কক্সবাজারের উখিয়ায় পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় পূর্বনির্ধারিত দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (৬ জুলাই) দলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার সদর ও পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এসব কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে।

এনসিপি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ শুরু হবে। এছাড়া যেসব এলাকার কর্মসূচি স্থগিত করা হয়েছে, সেগুলো চলতি মাসের শেষ দিকে নতুন সময়সূচি সমন্বয় করে আয়োজন করা হবে।

দলটির দাবি, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। কর্মসূচিটি উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল-এই দুই ধাপে পরিচালিত হবে।

এদিকে সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে একটি সমাবেশের মাধ্যমে এনসিপির উত্তরাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে।

এম জি