সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বোমা বিস্ফোরণ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ১০:১৯ পিএম

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাপরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এই বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্ফোরণের সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। আকস্মিক এই ঘটনায় নেতাকর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই ছোটাছুটি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

ঘটনার সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লেখ করেন, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে সমাবেশস্থলে এই বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

এই ঘটনার প্রতিবাদে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সাভারে তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিল শেষে বর্তমানে দলীয় নেতৃবৃন্দ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়েছেন।

জেএইচআর