ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করেন। পরে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
নতুন গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ঢাকা-২ আসনের বিএনপির সংসদ সদস্য আমানউল্লাহ আমান, লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, গাজীপুর-৫ আসনের বিএনপির এ কে এম ফজলুল হক মিলন, ভোলা-২ আসনের বিএনপির মোহাম্মদ হাফিজ ইব্রাহিম এবং নোয়াখালী-১ আসনের বিএনপির এ এম মাহবুব উদ্দিন খোকন।
এ ছাড়া সদস্য হয়েছেন চাঁদপুর-২ আসনের বিএনপির মোহাম্মদ জালালউদ্দিন, ময়মনসিংহ-৭ আসনের বিএনপির মো. মাহবুবুর রহমান, খুলনা-৪ আসনের বিএনপির এস কে আজিজুল বারী হেলাল, দিনাজপুর-১ আসনের বিএনপির মোহাম্মদ মনজুরুল ইসলাম, নওগাঁ-৩ আসনের বিএনপির ফজলে হুদা এবং ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন।
কমিটিতে জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করছেন ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবেদিন, চুয়াডাঙ্গা-২ আসনের মো. রুহুল আমিন এবং কুড়িগ্রাম-১ আসনের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি মূলত রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব পালন করে। বাজেট অনুমোদনের পর সরকারি অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, নিরীক্ষায় কী ধরনের অনিয়ম বা আপত্তি উঠে আসছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো সেসব বিষয়ে কী ব্যাখ্যা দিচ্ছে, তা পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করাই এ কমিটির প্রধান দায়িত্ব। সংসদীয় নজরদারির ক্ষেত্রে কমিটিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এম জি