আখতার হোসেন

জুলাই আন্দোলন নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০২:৩৬ পিএম

রাজধানীতে আয়োজিত এক সেমিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ছাত্র-জনতার জুলাই গণআন্দোলন নিয়ে যারা কটূক্তি করছেন, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।

বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলের আইডিইবি মাল্টিপারপাস হলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে আখতার হোসেন বলেন, দেশে দীর্ঘদিন কোনো জবাবদিহিতা ছিল না। নির্বাচন ও বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের দুটি প্রধান লক্ষ্য ছিল আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা এবং আওয়ামী কায়দা বা ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার বিলুপ্তি ঘটানো। হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আজকের নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির সদস্যসচিব আরও বলেন, সংস্কারের বিষয়ে বিএনপি শুরু থেকেই গড়িমসি করে আসছে। ঐকমত্য কমিশনের আলোচনা থেকেও বিষয়টি স্পষ্ট হয়েছে। তিনি অভিযোগ করেন, ভোটের পদ্ধতি অনুযায়ী উচ্চকক্ষ গঠন, নতুন বিচারিক প্রক্রিয়া, পিএসসি ও দুদক নিয়োগসহ বিভিন্ন সংস্কার উদ্যোগে বিএনপি আপত্তি জানাচ্ছে।

জুলাই আন্দোলন নিয়ে নেতিবাচক মন্তব্যকারীদের বিষয়ে আখতার হোসেন বলেন, দ্রুত গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার কার্যকর করতে হবে। মত প্রকাশের স্বাধীনতার নামে যারা প্রকাশ্যে জুলাই আন্দোলনকে কটূক্তি করছেন, তাদেরও বিচারের মুখোমুখি করা প্রয়োজন।

এম জি