মাত্র ৬০ টাকায় পিসি চলবে সারামাস, কিউবিটসের নতুন ডিভাইস

প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০১:৫৪ পিএম

হাতের মুঠোয় এঁটে যায় এমন ছোট একটি বক্স, অথচ কাজ করবে পূর্ণাঙ্গ ডেস্কটপ কম্পিউটারের মতো। দেশীয় প্রযুক্তি ব্র্যান্ড Qbits (কিউবিটস) বাজারে নিয়ে এসেছে তাদের নতুন মিনি পিসি Lania Mini F। নজরকাড়া ডিজাইন আর সাশ্রয়ী মূল্যের এই ডিভাইসটি ইতোমধ্যে প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে।

ল্যানিয়া মিনি এফ-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর বিদ্যুৎ সাশ্রয়ী সক্ষমতা। মাত্র ৩০ ওয়াটে চলা এই পিসিটি দিনে ৮ ঘণ্টা করে ব্যবহার করলেও মাসে বিদ্যুৎ বিল আসবে মাত্র ৬০ থেকে ৭০ টাকা, যা সাধারণ ডেস্কটপের তুলনায় কয়েক গুণ কম।

ডিভাইসটির নকশায় আনা হয়েছে আধুনিকতার ছাপ। ডার্ক ব্লু ও ব্ল্যাকের সংমিশ্রণে তৈরি এই পিসির উপরের অংশে রয়েছে ‘হানিকম্ব’ ডিজাইন এবং দুই পাশে কার্যকর ভেন্টিলেশন গ্রিল। প্লাস্টিক বডির এই ছোট পিসিটি ওজনেও বেশ হালকা। এটি মনিটরের পেছনে আটকে রাখা যায় বলে ডেস্কে বাড়তি জায়গার প্রয়োজন হয় না। শিক্ষার্থী কিংবা কর্মজীবীরা যেকোনো স্থানে এটি সহজে বহন করতে পারবেন।

কারিগরি দিক থেকে ল্যানিয়া মিনি এফ-এ ব্যবহার করা হয়েছে ইন্টেলের ১২তম প্রজন্মের N95 প্রসেসর (৪ কোর ও ৪ থ্রেড)। এর বেস ক্লক স্পিড ২.০ গিগাহার্টজ, যা বুস্ট মোডে ৩.৪০ গিগাহার্টজ পর্যন্ত সেবা দেবে। গ্রাফিক্সের জন্য রয়েছে ইন্টেল UHD গ্রাফিক্স। এতে আছে ৮ জিবি DDR-4 র‍্যাম, যা প্রয়োজনে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে ২৫৬ জিবি NVMe SSD।

দ্রুতগতির ওয়্যারলেস সংযোগের জন্য এতে রয়েছে রিয়েলটেক চিপসেট ও ব্লুটুথ ৪.২। পোর্টের ক্ষেত্রে কোনো কমতি রাখা হয়নি- সামনে ও পেছনে মিলিয়ে আছে ৪টি ইউএসবি ৩.০ পোর্ট, ২টি HDMI ১.৪ পোর্ট (যার মাধ্যমে দুটি মনিটরে ৪কে রেজল্যুশনে কাজ করা যাবে), একটি ল্যান পোর্ট এবং অডিও জ্যাক।

দেশের বাজারে কিউবিটস ল্যানিয়া মিনি এফ-এর দাম নির্ধারণ করা হয়েছে ২৬,৯৯৯ টাকা। গ্রাহকদের জন্য থাকছে ৩ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, লাইফটাইম সার্ভিসিং ওয়ারেন্টি এবং ৪৫ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।

এএন