বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ বাতিল

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১১, ২০২৬, ১১:৪৪ এএম

বাংলাদেশ নারী ক্রিকেট দলের বহুল প্রতীক্ষিত অস্ট্রেলিয়া সফরের সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী অক্টোবরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল টাইগারেসদের। তবে নতুন সংশোধিত সূচিতে ওয়ানডে সিরিজটি বহাল রাখা হলেও সম্পূর্ণ বাতিল করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজটি।

মূলত ২০২৭ সালে পুনঃনির্ধারিত আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন সূচির কারণেই এই জরুরি পরিবর্তন আনতে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর জুন-জুলাই থেকে পিছিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নেওয়ার সিদ্ধান্তের পরই অস্ট্রেলিয়ার পুরো ঘরোয়া আন্তর্জাতিক সূচি নতুনভাবে সাজানো হয়েছে।

পুরোনো সূচি অনুযায়ী, বাংলাদেশ নারী ক্রিকেট দল ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। সংশোধিত সূচিতে ৯, ১১ ও ১৪ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ম্যাচ তিনটিই হবে দিবা-রাত্রির।

বাংলাদেশের বিপক্ষে যে নির্দিষ্ট তারিখগুলোতে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল, সেই সময় অস্ট্রেলিয়া এখন খেলবে নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে। আগামী ১৮, ২০ ও ২২ অক্টোবর সিডনির নর্থ সিডনি ওভালে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফরও সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে। আগে ২১ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত একসঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলার কথা ছিল কিউইদের। নতুন সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি সিরিজটি হবে অক্টোবরে এবং আগামী মার্চে আবার অস্ট্রেলিয়ায় গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

ওই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে ৬ মার্চ ক্যানবেরার মানুকা ওভালে। পরের দুটি ম্যাচ ৮ ও ১০ মার্চ মেলবোর্নের জাংশন ওভালে অনুষ্ঠিত হবে। ৮ মার্চের ম্যাচটি বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ জাংশন ওভালে ফ্লাডলাইট স্থাপনের পর এটিই হবে প্রথম দিবা-রাত্রির আন্তর্জাতিক ম্যাচ। একই দিনে আন্তর্জাতিক নারী দিবস এবং মেলবোর্নে সরকারি ছুটিও থাকবে।

নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের সময়ও কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে যাতে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে শ্রীলঙ্কা থেকে ফিরে দলগুলো পর্যাপ্ত প্রস্তুতির সময় পায়। আগের সূচিতে ১, ৫ ও ৭ মার্চ ম্যাচগুলো হওয়ার কথা থাকলেও এখন সেগুলো হবে ৬, ৮ ও ১০ মার্চ। শেষ দুটি ম্যাচ অ্যাডিলেড থেকে সরিয়ে মেলবোর্নে নেওয়া হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান পিটার রোচ জানিয়েছেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন সময় ঘোষণা করার পর দল ও সমর্থকদের কথা মাথায় রেখে সংশোধিত সূচি তৈরি করা হয়েছে। তিনি বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে এই জরুরি সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

পিটার রোচ আরও বলেন, ১৫০তম বার্ষিকী টেস্টের আগে নারী ক্রিকেটকে বিশেষ গুরুত্ব দিতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। জাংশন ওভালে নতুন আলোয় প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিয়েও তারা অত্যন্ত উচ্ছ্বসিত।

এএন