বিশ্বকাপ জিতলে সর্বোচ্চ বোনাস পাবেন ব্রাজিলের ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৯:৪৮ পিএম

বিশ্বকাপের শিরোপাজয়ী দল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে পাবে ৫ কোটি মার্কিন ডলার প্রাইজমানি। তবে এর বাইরেও বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন নিজ নিজ দলের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে। বোনাস দেওয়ার এই তালিকায় সবার চেয়ে এগিয়ে রয়েছে ব্রাজিল।

বিশ্বকাপ জয় করতে পারলে ব্রাজিলের প্রত্যেক ফুটবলার বোনাস হিসেবে পাবেন ১০ লাখ মার্কিন ডলার, যা ব্রিটিশ মুদ্রায় প্রায় ৭ লাখ ৫০ হাজার পাউন্ড। বোনাসের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড। ইংলিশদের ২৬ সদস্যের স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড় ব্যক্তিগতভাবে পাবেন ৫ লাখ পাউন্ডের বেশি বোনাস, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৭ কোটি টাকা।

সব মিলিয়ে ইংল্যান্ড দলের জন্য নির্ধারিত মোট বোনাসের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৮২ কোটি টাকা। তবে খেলোয়াড়দের চেয়েও বড় অঙ্কের আর্থিক পুরস্কার পেতে পারেন দলটির প্রধান কোচ টমাস টাচেল। ইংল্যান্ডকে বিশ্বচ্যাম্পিয়ন করতে পারলে তাঁর জন্য কয়েক মিলিয়ন পাউন্ড বোনাসের ব্যবস্থা রেখেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

স্পেনের ফুটবলারদের জন্য এবার চার ধাপের বোনাস কাঠামো নির্ধারণ করা হয়েছে। দল কোয়ার্টার ফাইনালে উঠলে তারা পাবেন ১ লাখ ৫০ হাজার পাউন্ড। ধাপে ধাপে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই অঙ্ক বাড়তে থাকবে এবং শিরোপা জিতলে তা পৌঁছাবে ৪ লাখ পাউন্ডে।

এ ছাড়া ফ্রান্সের খেলোয়াড়দের জন্য সাড়ে ৪ লাখ পাউন্ড এবং বেলজিয়ামের ফুটবলারদের জন্য ৩০ হাজার থেকে সর্বোচ্চ ৪ লাখ পাউন্ড পর্যন্ত বোনাস নির্ধারণ করা হয়েছে। জার্মানির বোনাসের সঠিক অঙ্ক এখনো চূড়ান্ত না হলেও দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০১৪ সালের বিশ্বকাপ জয়ের সময় দেওয়া আড়াই লাখ পাউন্ডের চেয়ে এবার তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

ইউরোপ ও লাতিন আমেরিকার বাইরে আফ্রিকার দলগুলোর পুরস্কারের ধরন কিছুটা ভিন্ন। সেনেগাল, আইভরি কোস্ট ও মরক্কোর মতো দেশগুলোতে নগদ অর্থ বোনাস দেওয়ার পাশাপাশি ভালো পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকে খেলোয়াড়দের বাড়ি ও জমি উপহার দেওয়ারও রেওয়াজ রয়েছে।

জেএইচআর