আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে লিওনেল মেসি আবারও বুঝিয়ে দিলেন, বিশ্বমঞ্চে তাঁর জাদু এখনো শেষ হয়নি। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের রাতে তিন গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৬-তে নিয়ে গেছেন এই খুদে জাদুকর। এর মাধ্যমে তিনি ছুঁয়েছেন মিরোস্লাভ ক্লোসের পুরুষ বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড। আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০০তম ম্যাচে এমন অবিস্মরণীয় পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, মেসিকে কি ২০৩০ বিশ্বকাপেও দেখা যাবে?
সপ্তম বিশ্বকাপে খেলার এই সম্ভাবনা নিয়ে করা প্রশ্নের উত্তর অবশ্য বেশ পরিষ্কার করেই দিয়েছেন মেসি। তিনি হাসিমুখেই বলেন, ‘না, না, সেটা নিশ্চিতভাবেই নয়।’
চলমান ২০২৬ বিশ্বকাপে মাঠে নেমেই মেসি এক নতুন ইতিহাস গড়েছেন। পুরুষ ফুটবল ইতিহাসে ছয়টি বিশ্বকাপ আসরে অংশ নেওয়া বিরল খেলোয়াড়দের তালিকায় নিজের নাম লিখিয়েছেন তিনি। ২০০৬ সালে শুরু হওয়া তাঁর এই বিশ্বকাপ যাত্রা একে একে ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ পেরিয়ে এবার ২০২৬-এ এসে পৌঁছেছে। প্রায় ৩৯ বছর বয়সেও আলজেরিয়ার বিপক্ষে তাঁর এমন দুর্দান্ত খেলা দেখে সমর্থকেরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, ৪২ বছর বয়সেও হয়তো তাঁকে ২০৩০ সালের বিশ্বকাপে দেখা যেতে পারে।
মেসি অবশ্য সেই স্বপ্নে আপাতত জলই ঢেলে দিলেন। তবে ফুটবল চালিয়ে যাওয়ার প্রশ্নে তিনি আগেও জানিয়েছেন, শরীর যত দিন সায় দেবে, তত দিন তিনি খেলা চালিয়ে যাবেন। বয়স নয়, বরং মাঠে নিজের শারীরিক ও মানসিক অবস্থাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে সপ্তমবারের মতো নামার সম্ভাবনা তিনি নিজেই পুরোপুরি নাকচ করে দিলেন।
ম্যাচ শেষে মেসি বর্তমান দল নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানান। তিনি বলেন, আর্জেন্টিনা দল এখন বেশ ভালো অবস্থানে রয়েছে এবং যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। এই দল সব সময় লড়াই করতে পছন্দ করে। তবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচই যে অত্যন্ত কঠিন, সেই কথাও মনে করিয়ে দিতে ভুলেননি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক।
মেসির বর্তমান লক্ষ্য এখন খুবই স্পষ্ট-চলতি বিশ্বকাপে দলকে যত দূর সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া। ২০২২ সালে কাতারের মাটিতে যে সোনালী ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন পূরণ হয়েছিল, উত্তর আমেরিকার মাটিতেও সেই শিরোপা ধরে রাখতে চায় আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই বড় জয় দিয়ে সেই মিশন বেশ দারুণভাবেই শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
সপ্তম বিশ্বকাপ নিয়ে মেসি স্পষ্ট ‘না’ বললেও এই ২০২৬ বিশ্বকাপেই তাঁর সামনে এখনও বড় এক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। আর মাত্র একটি গোল করলেই মিরোস্লাভ ক্লোসকে ছাড়িয়ে এককভাবে পুরুষ বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসবেন লিওনেল মেসি।
জেএইচআর