মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো নেইমারের

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০১:১৮ এএম

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। তবে এই ম্যাচে মাঠে নামা হচ্ছে না দলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া অব্যাহত রাখতে তিনি দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাচ্ছেন না।

বৃহস্পতিবার (১৮ জুন) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সিবিএফ জানিয়েছে, নেইমারের পুনর্বাসনের শেষ ধাপ সম্পন্ন হবে নিউ জার্সিতেই। সেখানে থাকা আধুনিক অনুশীলন ও চিকিৎসা সুবিধার আওতায় তার রিকভারি কার্যক্রম চলবে।

প্রায় এক মাস আগে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে গ্রেড-টু মাংসপেশির চোটে পড়েন নেইমার। সেই চোটের কারণে বিশ্বকাপ প্রস্তুতির বড় একটি সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে।

তবে অভিজ্ঞতা ও নেতৃত্বের বিষয়টি বিবেচনায় রেখে কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেন। যদিও মরক্কোর বিপক্ষে ম্যাচে খেলার সুযোগ হয়নি তার।

গতকাল বিশ্বকাপ চলাকালে প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নিতে দেখা যায় নেইমারকে। রাফিনিয়া, ব্রুনো গিমারাইস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ফাবিনিয়োর সঙ্গে কিছু সময় অনুশীলন করেন তিনি। তবে তার অংশগ্রহণ ছিল সীমিত। অল্প সময় দলের সঙ্গে কাজ করার পর আবার ব্যক্তিগত পুনর্বাসন কার্যক্রমে ফিরে যান।

এর আগের দিনও কোচিং স্টাফের তত্ত্বাবধানে এককভাবে দৌড় ও ফিটনেস অনুশীলন করেন এই তারকা ফুটবলার।

ব্রাজিল দলের প্রত্যাশা, নকআউট পর্ব শুরুর আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন নেইমার। এজন্য শুধু হাইতির বিপক্ষেই নয়, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও তাকে বিশ্রামে রাখা হতে পারে।

এম জি