বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে সুযোগের পর সুযোগ তৈরি করেও গোলের দেখা পেল না তুরস্ক। ম্যাচের শুরুতেই হজম করা একমাত্র গোল আর দ্বিতীয়ার্ধজুড়ে একজন বেশি খেলোয়াড় থাকার সুবিধাও কাজে লাগাতে পারেনি তারা। এই খেসারত দিয়ে টানা দ্বিতীয় পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত করেছে ইউরোপের দেশটি। অন্যদিকে রোমাঞ্চকর লড়াইয়ে ১-০ গোলের জয় তুলে নিয়ে শেষ ষোলোতে ওঠার আশা জিইয়ে রেখেছে প্যারাগুয়ে।
শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। ম্যাচের একমাত্র গোলটি করেন মাতিয়াস গালারসা। খেলা শুরুর মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর গতিময় শটেই এগিয়ে যায় লাতিন আমেরিকার দলটি। বিশ্বকাপে এটি প্যারাগুয়ের দ্বিতীয় দ্রুততম গোল। এর আগে ১৯৯৮ সালে নাইজেরিয়ার বিপক্ষে ৫২ সেকেন্ডে গোল করে দেশটির দ্রুততম গোলের রেকর্ড গড়েছিলেন সেলসো আয়ালা।
ম্যাচের শুরুতেই গোল হজম করার পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে তুরস্ক। তবে প্রথমার্ধের বেশিরভাগ সময় তাদের পরিষ্কার সুযোগ তৈরি করতে দেয়নি প্যারাগুয়ের রক্ষণভাগ। ৩৫তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল তুরস্ক। হাকান চালহানোলুর ফ্রি-কিক থেকে মের্ত মুলদুরের হেড ক্রসবারে লেগে পোস্ট ছুঁয়ে ফিরে আসে। দুই মিনিট পর প্যারাগুয়ের হুয়ান হোসে কাসেরাসের শক্তিশালী শট ঠেকিয়ে ব্যবধান আর বাড়তে দেননি তুরস্কের গোলরক্ষক।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ম্যাচের মোড় ঘুরে যাওয়ার মতো ঘটনা ঘটে। মুলদুরের সঙ্গে বিতণ্ডায় জড়ানোর জেরে ভিডিও মনিটরে রিপ্লে দেখে প্যারাগুয়ের মিগেল আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফিফার নতুন নিয়মে বিশ্বকাপে শাস্তি পাওয়া প্রথম খেলোয়াড় হন আটলান্টা ইউনাইটেডের এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন বেশি খেলোয়াড় নিয়ে খেলেও সেই সুবিধা কাজে লাগাতে পারেনি তুরস্ক। বরং একের পর এক সুযোগ নষ্ট করে হতাশাই বাড়িয়েছে তারা। ৫৮তম মিনিটে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন চালহানোলু। পরের মিনিটে মেরিহ দেমিরালের শট ক্লিয়ার করতে গিয়ে প্রায় আত্মঘাতী গোল করে বসছিলেন প্যারাগুয়ের এক ডিফেন্ডার। গোলরক্ষকের ভুল বোঝাবুঝির সুযোগে ওরলান্দো গিল শট নিলেও জটলার মধ্যে গোলের দেখা পাননি।
৬১তম মিনিটে পাল্টা আক্রমণে হুলিও এনসিসো দুর্দান্ত দক্ষতায় কয়েকজনকে কাটিয়ে সুযোগ তৈরি করলেও শট লক্ষ্যে রাখতে পারেননি। এক মিনিট পর গিলের চমৎকার ক্রস থেকে সুযোগ পেয়েও জোরালো হেড করতে ব্যর্থ হন বদলি হিসেবে নামা তরুণ ফরোয়ার্ড দেনিস গুল। শেষ দিকে যেন প্রতি মুহূর্তেই গোলের সুযোগ তৈরি করছিল তুরস্ক। কিন্তু কখনও শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কখনও শেষ মুহূর্তে বলের নাগাল পাননি ফরোয়ার্ডরা, আবার কখনও গোলরক্ষকের হাতেই সহজে ধরা পড়েছে প্রচেষ্টা। মেরিহ দেমিরাল, আর্দা গুলের, দেনিস গুল ও ওরলান্দো গিল একের পর এক সুযোগ নষ্ট করেন।
৮৯তম মিনিটে সমতায় ফেরার সবচেয়ে ভালো সুযোগ পান চান উজুন। তবে বিপজ্জনক অবস্থান থেকেও তাঁর শট চলে যায় সরাসরি গোলরক্ষকের দিকে। যোগ করা সময়ের সপ্তম মিনিটে আরও একটি সুবর্ণ সুযোগ আসে দেমিরালের সামনে। দুই ডিফেন্দারের মাঝখান থেকে উঁচুতে উঠে হেড করলেও বল লক্ষ্যভ্রষ্ট হয়ে দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। শেষ বাঁশি বাজার পর চোখে জল আর হতাশা নিয়েই মাঠ ছাড়েন তুরস্কের ফুটবলাররা। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেওয়ায় উচ্ছ্বাসে ভাসে প্যারাগুয়ে শিবির।
এই হারে গ্রুপ পর্ব থেকেই তুরস্কের বিদায় নিশ্চিত হয়েছে। আগামী শুক্রবার নিজেদের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে গ্রুপসেরা হওয়া যুক্তরাষ্ট্রের। একই সময়ে দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে প্যারাগুয়ে। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের সংগ্রহ ৩ পয়েন্ট করে। আর টানা দুই হারে এখনও কোনো পয়েন্টের দেখা পায়নি তুরস্ক।
জেএইচআর