অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে প্রথমার্ধেই লিওনেল মেসির রেকর্ড গড়া গোলে লিড নিয়েছে আর্জেন্টিনা। সোমবার ম্যাচের ৩৯ মিনিটে চমৎকার দলগত নৈপুণ্যে গোল করে দলকে এগিয়ে দেন আলবিসেলেস্তে অধিনায়ক। এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন এই আর্জেন্টাইন মহাতারকা।
এর আগে ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। খেলার তৃতীয় মিনিটে লাউতারো মার্টিনেজ বল নিয়ে অস্ট্রিয়ার ডি-বক্সে ঢুকলে প্রতিপক্ষের শ্লাগার ও পশ তাঁকে চ্যালেঞ্জ করেন। এতে লাউতারো বক্সে পড়ে গেলেও রেফারি প্রথমে পেনাল্টির বাঁশি বাজাননি। পরবর্তীতে ভিএআর (VAR) পরীক্ষা করে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ম্যাচের অষ্টম মিনিটে মেসি শট নিতে এলেও বল পোস্টের ডান দিক দিয়ে বাইরে মেরে দেন।
ম্যাচের ২১ মিনিটেও গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন মেসি। চমৎকারভাবে কাট-ইন করে ডি-বক্সে ঢুকে পড়লেও অস্ট্রিয়ার ডিফেন্ডার ডেভিড আলাবা পেছন থেকে বল ছুঁয়ে দেওয়ায় তা গোলরক্ষক শ্লাগারের গায়ে লেগে প্রতিহত হয়। ফলে প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের আগপর্যন্ত হতাশায় ভুগছিল আর্জেন্টিনা শিবির।
খেলার ৩৩ মিনিটে অস্ট্রিয়ার ডি-বক্সের ভেতর এনজো ফার্নান্দেজের উদ্দেশ্যে দেওয়া একটি পাস দারুণভাবে এগিয়ে এসে আটকে দেন গোলরক্ষক শ্লাগার। তবে তিনি বলটি ক্লিয়ার করতে গিয়ে সরাসরি মেসির পায়ে ঠেলে দেন। মেসি কোনো সময় নষ্ট না করে শূন্য পোস্টে শট নিলেও গোল লাইনে দাঁড়িয়ে থেকে নিশ্চিত গোল ব্লক করে দেন আলাবা।
অবশেষে ৩৯ মিনিটে আর কোনো ভুল করেনি আর্জেন্টিনা। দুর্দান্ত এক দলীয় আক্রমণ থেকে বল পেয়ে জাল কাঁপান লিওনেল মেসি। তাঁর এই ১৭তম বিশ্বকাপ গোলের ওপর ভর করে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
জেএইচআর