বিশ্বকাপের মাঝেই অ্যাতলেটিকো ছাড়ার ঘোষণা আলভারেজের, গন্তব্য কোথায়?

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১০:২৭ এএম

আলজেরিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিময় আরেকটি ম্যাচে গতকাল তারা নিজেদের দ্বিতীয় ম্যাচে হারিয়ে দিয়েছে অস্ট্রিয়াকেও। মাঠের এই সাফল্যের মাঝেই ক্লাব ফুটবলে অ্যাতলেটিকো মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়ে চমকে দিলেন আলবিসেলেস্তে তারকা হুলিয়ান আলভারেজ।

‘জে’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনার দ্বিতীয় জয়ের পর ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, তিনি ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। যাদের সঙ্গে কথা হয়েছে, তাদের প্রত্যেকেই তাঁর স্বপ্ন পূরণের স্বার্থে দলবদলের সিদ্ধান্তকে সেরা বলে উল্লেখ করেছেন।

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের মাঝে দলবদল নিয়ে কথা বলাটা কিছুটা অদ্ভুত মনে হতে পারে। বিষয়টি আলভারেজ নিজেও অনুভব করছেন। তিনি বলেন, “এখন এ বিষয়টি নিয়ে কথা বলার উপযুক্ত সময় নয়, কিন্তু আমি কোনো কিছু গোপনও করতে পারছি না। আমি সবার সাথে সৎ থাকার চেষ্টা করছি।”

এর কয়েক সপ্তাহ আগে স্প্যানিশ গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল যে, এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য রিয়াল মাদ্রিদের দেওয়া ১৫০ মিলিয়ন ইউরোর বড় প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। পাশাপাশি স্প্যানিশ ও আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো জানায়, আলভারেজকে দলে নিতে বার্সেলোনা ও পিএসজিও দারুণ আগ্রহী। তবে তাদের চেয়ে রিয়ালের দেওয়া প্রস্তাবের অঙ্কটি বেশ আকর্ষণীয় ছিল।

আলভারেজ ক্লাব ফুটবলে তাঁর পরবর্তী গন্তব্য নিশ্চিত না করলেও দলবদল বিষয়ক প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, হুলিয়ান আলভারেজ বার্সেলোনায় যোগদানে সম্মতি দিয়েছেন এবং তিনি যেকোনো মূল্যে ক্লাব ছাড়তে চান। এখন পুরো বিষয়টি ক্লাব কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এদিকে, বার্সেলোনায় এই তারকা ফরোয়ার্ডের যাওয়ার খবরটি এখনো নিশ্চিত নয় বলে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দায়ারিও এএস’কে জানিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, বার্সেলোনা এখনো আলভারেজের জন্য নির্দিষ্ট কোনো ট্রান্সফার ফি বা প্রস্তাব দেয়নি। তাই রিলিজ ক্লজের ৫০০ মিলিয়ন ডলার না দিলে কোনো চুক্তি বা দলবদল সম্ভব নয়।

এর আগে ২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে প্রায় ৯৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে অ্যাতলেটিকোতে যোগ দিয়েছিলেন আলভারেজ। নিজের ভবিষ্যৎ নিয়ে ডালাস স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং এটি কবে সমাধান হবে তাও তাঁর জানা নেই। উল্লেখ্য, গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে ওঠা এই স্ট্রাইকার চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার দুটি ম্যাচেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন।

জেএইচআর