বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ!

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৮:৩৯ পিএম

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল ও স্কটল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি বৈরী আবহাওয়ার কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও, ওই সময়ে সেখানে তীব্র বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে।

ফিফার অফিশিয়াল নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলোয়াড়দের সুরক্ষায় খেলা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে শেষ বজ্রপাতের পর খেলা পুনরায় শুরু করতে অন্তত ৩০ মিনিট অপেক্ষা করতে হয়। ফলে ম্যাচ শুরু হতে যেমন বিলম্ব হতে পারে, তেমনি খেলার মাঝেও দীর্ঘ বিরতির সম্ভাবনা রয়েছে।

অবশ্য এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রেখেছে স্কটল্যান্ড শিবির। দলটির কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, ম্যাচ শুরু হতে দেরি হলে বা বৈরী আবহাওয়ার কারণে বিঘ্ন ঘটলে তা মোকাবিলায় তাঁদের বিকল্প পরিকল্পনা রয়েছে।

গ্রুপ ‘সি’ থেকে নকআউটের টিকিট নিশ্চিত করতে হলে স্কটল্যান্ডের অন্তত এক পয়েন্ট প্রয়োজন। অন্যদিকে, ব্রাজিল শিবিরে ইনজুরি কাটিয়ে তারকা ফরোয়ার্ড নেইমারের ফেরার সম্ভাবনা ম্যাচটিকে ঘিরে ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। তবে এখন মাঠের ফুটবল লড়াইয়ের পাশাপাশি সবার নজর থাকবে মায়ামির আকাশের দিকে। শেষ পর্যন্ত বজ্রঝড় এড়িয়ে ম্যাচটি সময়মতো মাঠে গড়ায় কি না, সেটিই এখন দেখার বিষয়।

জেএইচআর