বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে উত্তেজনা এখন তুঙ্গে। বহুল আলোচিত এই হাইভোল্টেজ লড়াইয়ে কার জয়ের সম্ভাবনা ঠিক কতটুকু, তা নিয়ে এবার আগাম পূর্বাভাস দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)।
বিশ্বকাপের শেষ ৩২-এর এই বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল শনিবার (৪ জুলাই, ২০২৬) ভোর ৪টায় মুখোমুখি হচ্ছে দুই দল। নকআউট পর্বের এই দ্বৈরথে যে দল জিতবে, সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোর মঞ্চে।
বিভিন্ন এআই মডেল ও আধুনিক পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ বলছে, এই ম্যাচে স্পষ্ট ফেবারিট হিসেবে মাঠে নামবে আর্জেন্টিনা। দলগত শক্তি, সাম্প্রতিক ফর্ম, খেলোয়াড়দের অভিজ্ঞতা ও অতীত রেকর্ড বিশ্লেষণ করে এআই আলবিসেলেস্তেদের জয়ের সম্ভাবনা দেখছে প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ। অন্যদিকে, শক্তির বিচারে অনেকটাই পিছিয়ে থাকা কেপ ভার্দের জয়ের সম্ভাবনা ১০ শতাংশেরও কম বলে মনে করছে প্রযুক্তি।
ম্যাচের সম্ভাব্য স্কোরলাইন নিয়ে এআই পূর্বাভাস দিয়েছে। সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার ২-০ ব্যবধানে ম্যাচ জেতার। এ ছাড়া ম্যাচটি ৩-০ কিংবা ২-১ ব্যবধানেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে যেতে পারে। গোলদাতার তালিকায় প্রত্যাশিতভাবেই সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে অধিনায়ক লিওনেল মেসিকে। তাঁর পাশাপাশি আর্জেন্টিনার আক্রমণভাগের অন্য তারকাদের পা থেকেও গোল আসতে পারে বলে জানাচ্ছে এআই।
তবে এআই-এর বিশ্লেষণে আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে থাকলেও চমক দেখানো কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসেই নকআউট পর্বে পা রেখে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তারা। দলটির জমাট রক্ষণভাগ ও চোখের পলকে করা কাউন্টার অ্যাটাক (পাল্টা আক্রমণ) যেকোনো শক্তিশালী প্রতিপক্ষের জন্যই ভয়ের কারণ হতে পারে।
এআই স্পষ্ট মনে করিয়ে দিয়েছে, কাগজে-কলমে সম্ভাবনা বেশি থাকার মানেই নিশ্চিত জয় নয়। ফুটবলের দীর্ঘ ইতিহাসে ফেবারিটদের কাঁদিয়ে মাঠ ছাড়ার অসংখ্য রূপকথা রয়েছে। তাই মাঠের লড়াইয়ের পরই মিলবে আসল উত্তর-শেষ পর্যন্ত আর্জেন্টিনাই শেষ ষোলোতে যাচ্ছে, নাকি নতুন কোনো রূপকথার জন্ম দেবে কেপ ভার্দে।
এদিকে এআই-এর আগে জনপ্রিয় ফুটবল পরিসংখ্যানভিত্তিক ‘অপটা সুপার কম্পিউটার’ এবং ঘানার এক বিখ্যাত তান্ত্রিকও এই ম্যাচের ভবিষ্যৎদ্বাণী করেছেন, যেখানে সবাই আর্জেন্টিনাকেই জয়ের দৌড়ে এগিয়ে রেখেছেন।
জেএইচআর