মেক্সিকোকে ঠেকাতে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবেন কেইন-বেলিংহামরা

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০২:৪৬ পিএম

বিশ্বকাপের শেষ ষোলোতে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভিন্নধর্মী প্রস্তুতি নিয়েছে ইংল্যান্ড। ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামের উচ্চতার প্রভাব মোকাবিলায় দলটির খেলোয়াড়দের ভায়াগ্রা ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।

প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেলের সম্মতির পর দলটির মেডিকেল স্টাফ হ্যারি কেইন, জুড বেলিংহামদের মতো খেলোয়াড়দের ভায়াগ্রা দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েছে। উদ্দেশ্য যৌন শক্তি বৃদ্ধি নয়, বরং উচ্চতাজনিত শারীরিক সমস্যার প্রভাব কমানো।

মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭ হাজার ৩৫০ ফুট (২ হাজার ২৪০ মিটার) উঁচুতে অবস্থিত। এ কারণে সেখানে বাতাসে অক্সিজেনের মাত্রা তুলনামূলক কম থাকে। এমন পরিবেশে খেলার অভিজ্ঞতা না থাকা ফুটবলারদের দ্রুত ক্লান্ত হয়ে পড়ার আশঙ্কা থাকে, যা তাদের স্ট্যামিনা ও পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এই বাস্তবতা মাথায় রেখেই ইংল্যান্ডের চিকিৎসক দল বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে কাজ করেছে। তারই একটি অংশ হিসেবে ভায়াগ্রা ব্যবহারের বিষয়টি সামনে এসেছে। সাধারণত পুরুষদের যৌন অক্ষমতা বা লিঙ্গ উত্থানজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত এ ওষুধ রক্তনালি প্রসারিত করতে সাহায্য করে। ফলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে, যা উচ্চতায় কম অক্সিজেনের পরিবেশে শরীরকে কিছুটা মানিয়ে নিতে সহায়ক হতে পারে বলে ধারণা করা হয়।

বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা (ওয়াডা) ভায়াগ্রাকে নিষিদ্ধ ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত করেনি। ফলে প্রতিযোগিতার আগে বা চলাকালীন খেলোয়াড়দের এটি ব্যবহারে কোনো নিয়মগত বাধা নেই। যদিও রক্ত সঞ্চালনের ওপর এর প্রভাব নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছে সংস্থাটি, এখন পর্যন্ত এটি সরাসরি খেলোয়াড়দের পারফরম্যান্স বাড়ায়—এমন বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবে অধিক উচ্চতার পরিবেশে অক্সিজেনের স্বল্পতার সঙ্গে খাপ খাইয়ে নিতে ওষুধটি কিছুটা সহায়ক হতে পারে বলে বিভিন্ন গবেষণায় ধারণা দেওয়া হয়েছে।

মেক্সিকোর জন্য আজতেকা স্টেডিয়াম দীর্ঘদিন ধরেই এক শক্ত ঘাঁটি। এই মাঠে এখন পর্যন্ত ৮৯টি ম্যাচ খেলে মাত্র দুটি হেরেছে তারা, সর্বশেষ পরাজয় ২০১৩ সালে। বিশ্বকাপেও আজতেকায় এখনো অপরাজিত মেক্সিকো—১০ ম্যাচে তাদের জয় ৮টি, বাকি দুটি ড্র। এমন পরিসংখ্যানের মধ্যেই আগামীকাল সকালে শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও মেক্সিকো।

এএন