মেসির স্বাক্ষরিত জার্সি দেখতে জাতীয় জাদুঘরে ভক্তদের ঢল

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৪:৫৪ পিএম

ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রদর্শিত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি স্বাক্ষরিত জার্সি। বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির অটোগ্রাফ থাকা এই জার্সিটি একনজর দেখতে প্রতিদিনই জাদুঘরে ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী।

জার্সিটিতে শুধু মেসির নয়, ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের দুই তারকা জুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজের স্বাক্ষরও রয়েছে। এই বিশেষ স্মারকটি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য দেওয়া হয়েছে।

জাদুঘরের নির্ধারিত প্রদর্শনীকক্ষে বিশেষ ফ্রেমে সংরক্ষিত জার্সিটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষ এটি দেখতে আসছেন। বিশেষ করে তরুণ ফুটবলপ্রেমীদের মধ্যে জার্সিটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

জার্সিটির সামনে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছেন, স্মৃতি ধরে রাখছেন এবং সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। দর্শনার্থীদের অনেকেই এটিকে বিশ্ব ফুটবলের ইতিহাসের একটি মূল্যবান স্মারক হিসেবে দেখছেন এবং বাংলাদেশে প্রদর্শিত অন্যতম আকর্ষণীয় ফুটবল নিদর্শন হিসেবে উল্লেখ করছেন।

প্রদর্শিত জার্সিটির ফ্রেমে দেশের শীর্ষ ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের লোগোও রয়েছে। প্রতিষ্ঠানটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) রিজিওনাল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

জাতীয় জাদুঘর সূত্র জানিয়েছে, প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের দর্শনার্থীরা মেসির স্বাক্ষরিত এই জার্সি দেখতে আসছেন। বিশ্বকাপজয়ী অধিনায়কের ব্যবহৃত ও স্বাক্ষরিত স্মারকের প্রতি বিশ্বজুড়েই যেমন আলাদা আকর্ষণ রয়েছে, তেমনি বাংলাদেশেও এই জার্সি ফুটবলপ্রেমীদের জন্য একটি বিশেষ দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে।

এএন