দল থেকে বাদ পড়ায় ক্রিকেটার তানজিমের আত্মহত্যার চেষ্টা

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৩:১১ পিএম

বাংলাদেশ নারী ক্রিকেট দলের এক খেলোয়াড় ইমার্জিং স্কোয়াডের ক্যাম্পে জায়গা না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ক্রিকেটার ইশমা তানজিম।

দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখে বিকেএসপিতে বাংলাদেশ নারী ইমার্জিং দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে। প্রথম ধাপে ২৭ জন খেলোয়াড়কে নিয়ে ক্যাম্প পরিচালনা করা হলেও পরবর্তীতে দ্বিতীয় ধাপে সংখ্যা কমিয়ে ২১ জনে নামানো হয়। এই ২১ জনের তালিকায় জায়গা হয়নি ইশমার, যিনি শুরুতে প্রথম ধাপের ক্যাম্পে ছিলেন।

ইশমার দাবি, তিনি সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও ইনজুরির অজুহাত দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে দলে নানা ধরনের বঞ্চনা ও চাপের মধ্যে থাকার কথাও তিনি উল্লেখ করেন।

ক্যাম্পে সুযোগ না পাওয়ার পরই মানসিকভাবে ভেঙে পড়েন এই ক্রিকেটার। গত শুক্রবার (৩ জুলাই) তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন তিনি নিজেই। পরে রোববার তার জ্ঞান ফিরে আসে বলেও জানা গেছে।

এদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ঘটনার বিষয়ে অবগত নন বলে জানান। তবে বিসিবি সংশ্লিষ্ট সূত্রের দাবি, ফিটনেস ইস্যুর কারণেই মূলত দ্বিতীয় ধাপের ক্যাম্পে ইশমা তানজিমকে রাখা হয়নি।

এএন