সবাইকে কাঁদিয়ে চলেই গেলেন আফগান ক্রিকেটার শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৩:৪৫ পিএম

সব চেষ্টা ব্যর্থ করে বিদায় নিলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান। দীর্ঘদিন ধরে একটি বিরল ও জটিল রোগের সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। আন্তর্জাতিক ক্রীড়া সাময়িকী স্পোর্টস্টারের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করা হয়েছে।

শাপুর জাদরান দীর্ঘদিন ধরে ‘হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস’ (HLH) নামের একটি জটিল রোগে ভুগছিলেন। এটি মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার অত্যন্ত বিরল একটি সমস্যা, যার ফলে শরীরে অতিরিক্ত প্রদাহ সৃষ্টি হয় এবং শরীরের প্রধান প্রধান অঙ্গগুলো অকেজো হতে শুরু করে।

গত কয়েক মাস ধরে ভারতের দিল্লি-এনসিআর অঞ্চলের একটি হাসপাতালে তাঁর নিবিড় চিকিৎসা চলছিল। গত বছরের অক্টোবর মাসে প্রথম এই রোগ ধরা পড়ার পর আফগানিস্তানের চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দেন। প্রথম দফার চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেও মাত্র ২০ দিনের মাথায় তাঁর শারীরিক অবস্থার আবারও মারাত্মক অবনতি ঘটে। ভারত সফরে থাকা আফগান ক্রিকেট দলের সদস্যরাও হাসপাতালে গিয়ে তাঁর খোঁজখবর নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আরোগ্য লাভ করা সম্ভব হয়নি।

শাপুর জাদরানের আকস্মিক মৃত্যুতে ক্রিকেট বিশ্বে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, পুরো ক্যারিয়ারজুড়ে শাপুর আফগানিস্তান ক্রিকেটকে সম্মান, সাহস ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন। তাঁর অবদান ও অর্জন আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতীয় দলের জন্য তাঁর নিবেদন কখনোই ভোলা যাবে না।

বোর্ড আরও যোগ করে, মাঠের সাফল্যের বাইরেও শাপুর জাদরান ছিলেন অসংখ্য তরুণ আফগান ক্রিকেটার ও বিশ্বের ক্রিকেটপ্রেমীদের অনুপ্রেরণার উৎস। তাঁর লড়াকু মানসিকতা, দৃঢ়তা এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে।

জেএইচআর