পেনাল্টি মিস করলেন মেসি, সমতায় ফেরার সুযোগ হারাল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ১০:২৮ পিএম

মিশরের বিপক্ষে গোল হজম করার মাত্র পাঁচ মিনিটের মাথায় সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ফলে ম্যাচে এখনো ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে আলবিসেলেস্তেরা।

ম্যাচের ১৫ মিনিটে গোল খাওয়ার পর আক্রমণের ধার বাড়ায় বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০ মিনিটের মাথায় মিশরের ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হন আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান।

দলের পক্ষে পেনাল্টি কিক নিতে আসেন লিওনেল মেসি। তবে তাঁর বাঁ পায়ের নেওয়া শটটি বাঁ দিকে চমৎকার ডাইভ দিয়ে রুখে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর। মেসির এই পেনাল্টি মিসে স্টেডিয়ামজুড়ে থাকা আর্জেন্টিনা সমর্থকদের মাঝে নেমে আসে চরম হতাশা।

এর আগে ম্যাচের ১৫ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে মারওয়ান আতিয়ার ক্রসে দুর্দান্ত এক হেডে গোল করে মিশরকে এগিয়ে নেন ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম। বলটি পোস্টের ডানদিকের নিচের কোণ দিয়ে আর্জেন্টিনার জালে জড়ায়।

টানটান উত্তেজনার এই ম্যাচে পেনাল্টি মিসের ধাক্কা সামলে সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা।

জেএইচআর