২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। শেষ আটের লড়াই শুরুর আগে সম্ভাব্য সেমিফাইনালিস্টদের নিয়ে নতুন পূর্বাভাস প্রকাশ করেছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটা। তাদের সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, চারটি দলই শেষ চারে জায়গা করে নেওয়ার দৌড়ে পরিষ্কারভাবে এগিয়ে রয়েছে।
অপটার বিশ্লেষণে সবচেয়ে বেশি সম্ভাবনা দেখানো হয়েছে ফ্রান্সের। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ফরাসিদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৭৩ দশমিক ৮৮ শতাংশ। অন্যদিকে মরক্কোর সেমিফাইনালে ওঠার সম্ভাবনা মাত্র ২৬ দশমিক ১২ শতাংশ।
স্পেনও রয়েছে শক্তিশালী অবস্থানে। বেলজিয়ামের বিপক্ষে তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯ দশমিক ৭০ শতাংশ। বিপরীতে বেলজিয়ামের সম্ভাবনা ৩০ দশমিক ৩০ শতাংশ বলে উল্লেখ করেছে সুপার কম্পিউটার।
নরওয়ে ও ইংল্যান্ডের ম্যাচকে তুলনামূলক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করছে অপটা। তারপরও সম্ভাবনার দিক থেকে এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে। তাদের শেষ চারে ওঠার সম্ভাবনা ৬২ দশমিক ৩৫ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩৭ দশমিক ৬৫ শতাংশ।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও রয়েছে ফেবারিটদের কাতারে। সুইজারল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসিদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯ দশমিক ১৩ শতাংশ। অন্যদিকে সুইজারল্যান্ডের সম্ভাবনা ধরা হয়েছে ৩০ দশমিক ৮৭ শতাংশ।
তবে পরিসংখ্যান সম্ভাবনার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে কোন চারটি দল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেবে।
এএন