পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে শিরোপা জয়ের স্বপ্ন অপূর্ণ রেখেই। তবে মাঠের লড়াই শেষ হলেও নিজের ব্যবহৃত একটি বিশেষ স্মারক দিয়ে ভক্তদের মাঝে স্মৃতি রেখে যাচ্ছেন তিনি। এবার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডকে নিজের বিশ্বকাপে ব্যবহৃত বুট উপহার দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
রোনালদোর কাছ থেকে পাওয়া বুটের ভিডিও শুক্রবার রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেন আইশোস্পিড। প্রায় ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি ব্যাগ থেকে সোনালি রঙের ‘সিআরসেভেন’ লেখা বুট বের করে হাতে তুলে নেন তিনি। এরপর রোনালদোর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই কনটেন্ট ক্রিয়েটর।
ভিডিওতে আইশোস্পিড বলেন, রোনালদো তাকে নিজের ব্যবহৃত বুট জোড়া দিয়েছেন। বিশ্বে এমন বুট মাত্র দুটি তৈরি করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এর মধ্যে একটি রোনালদো তাকে উপহার দিয়েছেন, যেটি তিনি বিশ্বকাপে পরেছিলেন।
লস অ্যাঞ্জেলেসে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে গিয়ে রোনালদোর দেওয়া বুটটি প্রদর্শন করেন আইশোস্পিড। ভিডিওতে তিনি জানান, বিশ্বকাপের মঞ্চে পর্তুগিজ তারকা এই বুট পরে খেলেছেন। এ সময় রোনালদোর জনপ্রিয় ‘সিউ’ উদযাপনও করেন তিনি।
আইশোস্পিড বলেন, ‘আমি আপনাকে ভালোবাসি রোনালদো। অনেক অনেক ধন্যবাদ। আমি এই বুট জোড়া যত্ন করে রাখব। সিউউউউউউ।’
এদিকে, এবারের বিশ্বকাপে রোনালদোর যাত্রা শেষ হয়েছে ৬ জুলাই রাতে। শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। ডালাসে অনুষ্ঠিত ওই ম্যাচে নির্ধারিত সময়ের শেষ দিকে মিকেল মেরিনোর গোলে জয় পায় স্পেন। বিশ্বকাপের মঞ্চে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ না হওয়ায় বিদায়বেলায় আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন রোনালদো।
বিশ্বকাপের ইতিহাসে রোনালদো এখন একমাত্র ফুটবলার, যিনি ছয়টি ভিন্ন আসরে গোল করেছেন। এবারের আসরে তিনি ২৭টি ম্যাচ খেলে মোট ১১ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২টি গোল।
অন্যদিকে, লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ম্যাচে স্পেনের হয়ে গোল করেন ফাবিয়ান রুইস ও মেরিনো, আর বেলজিয়ামের হয়ে একমাত্র গোলটি করেন শার্ল ডে কেতেলারে।
আগামী ১৪ জুলাই ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। আর আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের জয়ী দল দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের জয়ী দলের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ জুলাই।
এএন