২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি। জোড়া গোল করে ঐতিহাসিক এই জয়ের অন্যতম নায়ক ছিলেন আর্লিং হাল্যান্ড। জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে হাল্যান্ডকে আলিঙ্গন করে অভিনন্দন জানান নরওয়ের রাজপরিবারের সদস্য প্রিন্সেস ইনগ্রিড আলেকজান্দ্রা। তাঁর সঙ্গে ছিলেন ছোট ভাই প্রিন্স স্ভেরে ম্যাগনুস।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে তখন জয়ের উচ্ছ্বাসে মাতোয়ারা নরওয়ের ফুটবলাররা। সতীর্থদের সঙ্গে উদযাপনে ব্যস্ত ছিলেন শার্টবিহীন হাল্যান্ড। রাজকুমারীকে দেখে তিনি এগিয়ে যান। দুজন একে অপরকে উষ্ণ আলিঙ্গনে শুভেচ্ছা জানান এবং পরে করমর্দন করেন। মুহূর্তটি দ্রুতই ভক্তদের নজর কেড়ে নেয় এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
২২ বছর বয়সি প্রিন্সেস ইনগ্রিড আলেকজান্দ্রা নরওয়ের ক্রাউন প্রিন্স হাকোন ও ক্রাউন প্রিন্সেস মেটে-মারিতের জ্যেষ্ঠ কন্যা। বর্তমানে নরওয়ের সিংহাসনের উত্তরাধিকার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
জেএইচআর