খেলাধুলায় বাজি ধরা নতুন কিছু নয়। কিন্তু ফুটবল নিয়ে বাজি ধরার আগে হয়তো এবার দুবার ভাববে নরওয়ের বিমান সংস্থা নরওয়েজিয়ান এয়ার! বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে নরওয়ের হারের সঙ্গে সঙ্গে নিজেদের লোগোটাও যেন ‘হারিয়ে’ ফেলেছে প্রতিষ্ঠানটি। না, কোনো হ্যাকার লোগো চুরি করেনি, সবটাই একটি মজার বাজির ফল!
নরওয়ে-ইংল্যান্ড মহারণের আগে ব্রিটিশ এয়ারওয়েজকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল নরওয়েজিয়ান এয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই বিমান সংস্থার মধ্যে শুরু হয় ফুটবলীয় খুনসুটি। শেষ পর্যন্ত সেই কথার লড়াই গড়ায় অভিনব এক বাজিতে। শর্ত ছিল বেশ মজার-নরওয়ে জিতলে এক দিনের জন্য নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে নরওয়েজিয়ান এয়ারের লোগো ব্যবহার করবে ব্রিটিশ এয়ারওয়েজ। আর ইংল্যান্ড জিতলে ঠিক উল্টোটা, নরওয়েজিয়ানকে ব্যবহার করতে হবে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো।
চ্যালেঞ্জ গ্রহণ করেছিল ব্রিটিশ এয়ারওয়েজ, হয়তো ইংল্যান্ডের ওপর বিশ্বাসটা একটু বেশিই ছিল তাদের! মাঠে অবশ্য নরওয়ের শুরুটা স্বপ্নের মতোই হয়েছিল। আর্লিং হালান্ডদের সামনে ইংল্যান্ডকে কঠিন পরীক্ষায় পড়তে হয়। কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ২-১ গোলের জয় তুলে নেয় ইংলিশরা।
ইংল্যান্ড সেমিফাইনালে ওঠায় নরওয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। মাঠের ফলের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘হেরে গেল’ নরওয়েজিয়ান এয়ার। বাজির শর্ত মেনে নিজেদের পরিচিত লোগো সরিয়ে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহারের পালা এখন নরওয়ের বিমান সংস্থাটির।
ফুটবলে হারলে ট্রফির স্বপ্ন শেষ হয়, সমর্থকদের মন ভাঙে। কিন্তু নরওয়েজিয়ান এয়ারের ক্ষেত্রে ক্ষতিটা একটু অন্য রকম-নরওয়ে হারতেই এক দিনের জন্য ‘নিজের লোগোটাই হারাতে’ হলো তাদের! বিশ্বকাপের মাঠে হালান্ডরা ইংল্যান্ডকে হারাতে পারেননি, আর সেই হারের মাশুল দিতে হলো আকাশপথের আরেক ‘নরওয়েজিয়ানকে’!
জেএইচআর