উরুগুয়ের নতুন কোচ কিংবদন্তি ডিয়েগো ফোরলান

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১১:০৬ এএম

উরুগুয়ে জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার ডিয়েগো ফোরলান। জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বও পালন করবেন সাবেক এই তারকা ফুটবলার। ২০২৭ সালের মার্চ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন।

২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই উরুগুয়ের বিদায়ের পর প্রধান কোচের পদ ছাড়েন মার্সেলো বিয়েলসা। তার বিদায়ের পর শূন্য হওয়া দায়িত্বই এবার তুলে দেওয়া হয়েছে দেশের অন্যতম সেরা ফুটবলার ফোরলানের হাতে।

খেলোয়াড় হিসেবে অসাধারণ সাফল্য অর্জন করলেও কোচিং ক্যারিয়ারে ফোরলানের অভিজ্ঞতা তুলনামূলক কম। ২০২০ সালে উরুগুয়ের ঐতিহ্যবাহী ক্লাব পেনারোলের দায়িত্ব নিয়ে কোচিং জীবন শুরু করেন তিনি। এরপর ২০২১ সালে দেশটির আরেক ক্লাব এতেনাসেও কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

তবে কোচিংয়ের চেয়ে খেলোয়াড়ি জীবনেই বেশি আলো ছড়িয়েছেন ৪৭ বছর বয়সী এই সাবেক ফরোয়ার্ড। ২০০২ সালে উরুগুয়ের জার্সিতে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ১১২টি ম্যাচ খেলেছেন এবং করেছেন ৩৬টি গোল। ২০১১ সালে উরুগুয়ের কোপা আমেরিকা জয়ের অন্যতম সদস্যও ছিলেন তিনি।

ফোরলানের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায় ২০১০ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই আসরে পাঁচ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাদের একজন হন তিনি। একই সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জেতেন টুর্নামেন্টসের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’। ২০১৪ সালে জাতীয় দলকে বিদায় জানান এই কিংবদন্তি।

ক্লাব ফুটবলেও ছিল তার বর্ণাঢ্য পথচলা। দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, স্পেনের আতলেতিকো মাদ্রিদ এবং ইতালির ইন্টার মিলানের মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর হয়ে খেলেছেন তিনি।

এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোচ হিসেবে উরুগুয়ের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন ডিয়েগো ফোরলান। দেশের ফুটবলকে আবারও আন্তর্জাতিক সাফল্যের পথে ফিরিয়ে আনাই হবে তার প্রধান লক্ষ্য।

এএন