বিনোদন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৬:৪০ এএম
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। তিনি মুসলিম। আর তার স্বামী যশ দাশগুপ্ত একজন হিন্দু। তাই একদল মানুষের প্রশ্ন, তাদের সন্তান ঈশানের ধর্ম কী হবে?
এবার এসব প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি ভারতের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আবার বিয়ে করার প্রয়োজন নেই আমাদের’। এই কথা থেকে অনেকেই মনে করছেন, ইতিমধ্যেই বিয়ে হয়ে গিয়েছে তার আর যশের।
ছেলের ধর্ম কি হবে এ বিষয়ে জানতে চাইলে নুসরাতের পরিষ্কার উত্তর, একজন ভালো মানুষ হিসেবে বড় করে তুলতে চাই ঈশানকে। আমি মুসলিম, যশ হিন্দু, আমাদের সন্তান ঈশান হবে ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক।
তার ছেলে দুই ধর্মকেই চিনবে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, যেভাবে তাদের বাড়িতে কালীপুজো, দুর্গাপুজোর মতোই ইদ এবং বড়দিন পালন করা হয়, সেভাবেই ঈশানের সামনে ধর্ম নিরপেক্ষতার উদাহরণ তুলে ধরবেন তারা।
এখনও পর্যন্ত ছেলের কোনও ছবি প্রকাশ করতে দেননি নুসরাত। তবে ছেলে ঈশানকে নিয়ে কথা বলতে তার কোনও আপত্তি তো নেই-ই, বরং তাকে নিয়ে গল্প করতে ভালোবাসেন অভিনেত্রী। তাই বারবার নানা কথায় চলে আসে তার প্রসঙ্গ।
আমারসংবাদ/এডি