Amar Sangbad
ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬,

বদলে গেলো ৫ জেলার ইংরেজি বানান

প্রিন্ট সংস্করণ॥ নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২, ২০১৮, ০৬:৪৪ পিএম


বদলে গেলো ৫ জেলার ইংরেজি বানান

পরিবর্তন করা হয়েছে ৫ জেলার ইংরেজি নামের বানান। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় এসব জেলার নামের ইংরেজি বানান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে ময়মনসিংহকে সিটি কর্পোরেশন হিসেবে অনুমোদন দেওয়া হয় সভায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম জানান, চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, বরিশাল ও যশোর জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করা হয়েছে। বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য আনতে এ পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, Chittagong -এর পরিবর্তে বানান Chattogram, Comilla-এর পরিবর্তে Cumilla, Barisal-এর পরিবর্তে Barishal, Jessore-এর পরিবর্তে Jashore এবং Bogra-এর পরিবর্তে Bogura করা হয়েছে। এতদিন চট্টগ্রামের ইংরেজি বানান Chittagong, কুমিল্লার বানান Comilla, বরিশাল বানান Barisal, যশোরের বানান Jessore এবং বগুড়ার বানান Bogra লেখা হচ্ছিল।
দেশের ১২তম সিটি কর্পোরেশন ময়মনসিংহ : এদিকে দেশের ১২তম সিটি করপোরেশন হলো ময়মনসিংহ। প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এ সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম জানান, ময়মনসিংহের সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়ন (বয়ড়া ও আকুয়া) সম্পূর্ণ ও ছয়টি ইউনিয়নকে (খাগদহর, চরঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়ার আংশিক পল্লী এলাকা) পৌরসভার অন্তর্ভুক্ত করে সিটি করপোরেশনের এরিয়া নির্ধারণ করা হয়েছে। নতুন সিটি করপোরেশনের পরিধি হবে ৯১ দশমিক ৩১৫৫ বর্গকিলোমিটার। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৫ হাজার ১৬৭ জন। মোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন। তিনি বলেন, জনসংখ্যার ঘনত্ব, আয়ের উৎস, শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যাসহ সিটি করপোরেশন হতে যে আটটি শর্ত লাগে এর সবগুলোই ময়মনসিংহে রয়েছে।
প্রসঙ্গত বর্তমানে দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রয়েছে।