Amar Sangbad
ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬,

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি 

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৩, ২০২২, ০৭:০৫ এএম


ইসলামাবাদে ১৪৪ ধারা জারি 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণ হবে আজ। অনাস্থা প্রস্তাবে ভোটের প্রাক্কালে, বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় তরুণদের উদ্দেশ্য করে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। টেলিভিশনে সরাসরি প্রশ্ন-উত্তর সেশনে অংশ নিয়ে ইমরান খান তরুণদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান। এদিনই ১৪৪ ধারা জারি করা হয়েছে রাজধানী ইসলামাবাদে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পার্লামেন্টে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এই বিশেষ অধিবেশনকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

[related nid="217988" layout="right"][/related]

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অনাস্থা ভোটের দিন (৩ এপ্রিল) জারি করা এই ১৪৪ ধারা অনুযায়ী কোনো বড় সমাবেশ গ্রহণযোগ্য নয়। এ ছাড়া মোটরসাইকেলে দুজন চড়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জিনিউজ জানায়, অধিবেশন ঘিরে নাশকতার আশঙ্কা রয়েছে। পিটিআই নেতারা ডি-চকের কাছাকাছি এবং সংসদ ভবনের দুয়ারে বিরোধীদলীয় নেতাদের ঢোকার পথে বাধা সৃষ্টি করতে পারেন। যদিও সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী উচ্চ নিরাপত্তা ঝুঁকি সংবলিত এলাকায় কোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ।

পাকিস্তানের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। রাজনৈতিক অস্থিরতা কিংবা সামরিক অভ্যুত্থানের কারণে বাধ্য হয়েছেন ক্ষমতা ছাড়তে। ক্ষমতায় আসার সাড়ে তিন বছরের মাথায় পদ ধরে রাখতে হিমশিম খাচ্ছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানও।

দুর্নীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলো পার্লামেন্টে যে অনাস্থা প্রস্তাব এনেছে, তার ভোটাভুটি হওয়ার কথা আজ রোববার (৩ এপ্রিল)। কিন্তু সেই ভোটের সম্ভাব্য ফলাফল এরই মধ্যে স্পষ্ট হয়ে গেছে। ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান মিত্র এমকিউএম বিরোধীদের অনাস্থা প্রস্তাবকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়ায় নড়বড়ে হয়ে গেছে ইমরানের গদি। তীব্র হয়েছে তার পদত্যাগের দাবিও।


আমারসংবাদ/ইএফ