Amar Sangbad
ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬,

ছাড়পত্রহীন ২০৬ হাসপাতালের বিরুদ্ধে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৯, ২০২১, ১২:৩০ পিএম


ছাড়পত্রহীন ২০৬ হাসপাতালের বিরুদ্ধে হাইকোর্টের রুল

গাজীপুর জেলার যেসব ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশগত ছাড়পত্র নেই সেগুলো বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না- সেগুলো জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

একইসঙ্গে স্বাস্থ্য ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালসহ সংশ্লিষ্টদের আগামী ৬০ দিনের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

মঙ্গলবার (৯ নভেম্বর) এ বিষয়ে জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।  

গত ৭ সেপ্টেম্বর গাজীপুরের বাসিন্দা মেহেদী হাসানের পক্ষে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী কাওছার হোসেন।

তিনি জানান, মেহেদী হাসান তার স্ত্রীকে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। কিন্তু ওই হাসপাতালের হাইজনিক পরিবেশ ছিল না। এই পরিবেশ না থাকলে হাসপাতালের রোগীরা মেডিকেল বর্জ-ময়লা আবর্জনার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এরপর এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করেন ভুক্তভোগী। শুনানি শেষে আদালত আজ আদেশ দেন।

চলতি বছরের ৪ এপ্রিল গাজীপুরের জেলার পরিবেশ অধিদপ্তরের রিচার্স ও তথ্য প্রদান কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী ২০৬টি প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্র নেই। পরিবেশগত ছাড়পত্র আছে ২৪টির।

আমারসংবাদ/এমএস