Amar Sangbad
ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬,

পুরুষরা সাবধান! প্রস্রাবের বেগ কমে আসে ৭টি কারণে

ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ১১:০৩ এএম


পুরুষরা সাবধান! প্রস্রাবের বেগ কমে আসে ৭টি কারণে

আপনি কি পুরুষ, এবং আপনার প্রস্রাবের বেগ কি দিনে দিনে কমে আসছে? আগে যতটা বেগে প্রস্রাব করতে পারতেন, এখন কি তা পারেন না? তবে কি কমে আসছে আপনার যৌন ক্ষমতাও? আপনি কি তবে শীঘ্রই পুরুষত্বহীনতায় আক্রান্ত হতে চলেছেন?

সাধারণভাবে কিন্তু অনেকেরই বিশ্বাস, পুরুষদের প্রস্রাবের বেগ কমে আসা আসলে তাদের যৌন ক্ষমতা হ্রাস পাওয়ারই ইঙ্গিতবাহী। কিন্তু সত্যিই কি তাই? ‘মেডিক্যাল প্র্যাকটিশনার্স অফ টরোন্টো’-র দ্বারা প্রকাশিত একটি গবেষণাপত্র সম্প্রতি এই প্রশ্নের উপরেই আলোকপাত করেছে।

গবেষণাপত্রে প্রথমেই জানানো হচ্ছে, কী কী কারণে পুরুষের প্রস্রাবের বেগ হ্রাস পেতে পারে। মূলত এই ৭টি কারণে কমে আসতে পারে এক জন পুরুষের প্রস্রাবের বেগ। যেমন-
১. প্রস্টেট গ্ল্যান্ড যদি আয়তনে বেড়ে যায়, তা হলে প্রস্রাবে বাধা সৃষ্টি হয়। ৫০ বছরের অধিক বয়স্ক পুরুষদের মধ্যে এই সমস্যা প্রায়শই দেখা দেয়।

২. মূত্রনালীর কোনও ইনফেকশনের কারণে মূত্রের বেগ কমে যেতে পারে। প্রস্রাব চেপে রাখা, কিংবা যৌন রোগের কারণে এই ধরনের ইনফেকশন জন্ম নিতে পারে শরীরে।

৩. মূত্রথলিতে যদি পাথর সৃষ্টি হয়, তা হলেও কমে যেতে পারে প্রস্রাবের বেগ।

৪. মূত্রনালিতে কোনও বাধা বা বন্ধন তৈরি হলে তার জন্যও প্রস্রাবের বেগ হ্রাস পেতে পারে।

৫. অন্য দিকে প্রস্রাবের বেগ হ্রাস হতে পারে মূত্রথলির মুখে কোনও কারণে সৃষ্টি হওয়া বাধার লক্ষণও।

৬. মূত্রথলির নমনীয়তা যদি কোনও কারণে হ্রাস পায়, অর্থাৎ যদি নিউরোজেনিক ব্লাডারের সমস্যা দেখা দেয়, তা হলেও মূত্রের বেগ কমে আসে।

৭. ডিহাড্রেশন অর্থাৎ যদি কোনও কারণে শরীরে জলাভাব দেখা দেয়, তা হলেও প্রস্রাবের বেগ কমে যায়।

তাহলে যৌন ক্ষমতার সঙ্গে কি কোনও যোগ রয়েছে মূত্রবেগ কমে আসার?

বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যক্ষ যোগ নেই, কিন্তু পরোক্ষে রয়েছেও। কোনও পুরুষ যদি যৌন রোগে আক্রান্ত হন, তা হলে তাঁর প্রস্রাবের বেগ কমে আসতে পারে। এবং সে ক্ষেত্রে রোগীর যৌন জীবনও প্রভাবিত হতে বাধ্য। কিন্তু সাধারণ ভাবে প্রস্রাবের বেগ কমে আসার জন্য যৌন ক্ষমতার কোনও যোগ নেই। এই বিষয়ে জনমানসে প্রচলিত ধারণা ভুল।