বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তি নায়িকা শবনম। বাংলাদেশের সিনেমার দিকপাল চলচ্চিত্র পরিচালক এহতেশাম পরিচালিত ‘এ দেশ তোমার আমার’ সিনেমার মধ্যদিয়ে রুপালি পর্দায় শবনমের অভিষেক হয়েছিল। অনুরূপভাবে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মধ্যদিয়েই রুপালি পর্দায় চিত্রনায়িকা শাবনাজের অভিষেক হয়েছিল।
পরবর্তীতে শবনম এবং শাবনাজ দুজনেই আরও বহু সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। শবনম সর্বশেষ কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমাতে অভিনয় করেছিলেন।
বিগত ২৩ বছরে তাকে আর নতুন কোনো সিনেমায় অভিনয়ে দেখা যায়নি। তবে তার কাছে অনেক পরিচালকই প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। কিন্তু তার গল্প পছন্দ হয়নি বিধায় আজ পর্যন্ত আর কোনো বাংলা সিনেমায় তাকে দেখা যায়নি।
তবে বাংলাদেশে ‘আম্মাজান’ করার পূর্বে পাকিস্তানে অসংখ্য সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সর্বোচ্চ ১১ বার তিনি নিগার অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছিলেন। বাংলাদেশে ১৯৯৮ সালে চলে আসার পর আর পাকিস্তানের সিনেমায় তার অভিনয় করা হয়ে ওঠেনি। ৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘আম্মাজান’র পর আর নতুন কোনো সিনেমায় তার ভক্ত-দর্শকরা তাকে দেখতে পাননি।
এদিকে শাবনাজ সর্বশেষ অভিনয় করেছিলেন সদ্যপ্রয়াত চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান পরিচালিত ‘ডাক্তার বাড়ি’ সিনেমায়। এরপর তাকে আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। তবে শাবনাজও সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু শাবনাজের আর সিনেমাতে অভিনয়ের আগ্রহ নেই বলে জানান তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা শাবনাজ তার স্বামী নাইম ও দুই সন্তান নামিরা ও মাহাদিয়াকে নিয়ে সুখে-শান্তিতে বসবাস করছেন রাজধানীর উত্তরাতেই বহু বছর ধরে।
এদিকে শবনমের স্বামী প্রখ্যাত সংগীত পরিচালক রবিন ঘোষ বেশ কয়েক বছর আগে মারা যান। এরপর থেকেই শবনম তার একমাত্র ছেলে রনি ঘোষকে নিয়ে যথারীতি রাজধানীর বারিধারার ডিপ্লোমেটিক জোনে বসবাস করছেন।
শবনম বলেন, ‘সত্যি বলতে এখন তো বয়স হয়েছে। বাসাতেই সময় কাটে। খুব তাড়াতাড়ি ঘুমাই আমি। খুব সকালে উঠে নিজেই গাড়ি ড্রাইভ করে পার্কে যাই। সেখানে কিছুক্ষণ হেঁটে আবার বাসায় চলে আসি। এরপর থেকে সারাক্ষণ নিজের মতো করেই সময় কাটাই। টিভি দেখি, মন চাইলে কারো সঙ্গে কথা বলি, সময়মতো খাওয়া-দাওয়া করি। কিছু নিয়ম মেনে ওষুধ খাই, সামাজিক কর্মকাণ্ডের সাথেও সম্পৃক্ত থাকি। আত্মীয়-স্বজনের বাসাতেও যাওয়া হয়ে থাকে। এভাবেই কেটে যায় সময়। আর চলচ্চিত্রের খুব বেশি মানুষের সঙ্গে যোগাযোগ নেই আমার। সর্বশেষ শিল্পী সমিতির আহ্বানে ইফতার পার্টিতে গিয়েছিলাম।’
এদিকে শাবনাজ বেশ কিছুদিন যাবৎ ভারতে আছেন। সেখানেই স্বামী-সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন। শাবনাজ বলেন, ‘আমি আর শবনম আপার সৌভাগ্য যে, আমরা বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শ্রদ্ধেয় এহতেশামের সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নিজেদের চলচ্চিত্রে অভিষেক ঘটিয়েছি। তার মতো এমন গুণী পরিচালকের হাত ধরেই অভিষেক হয়েছিল বিধায় চলচ্চিত্রের যাত্রাটা বেশ আড়ম্বরপূর্ণ ছিল। শবনম আপার সঙ্গে দেখা হলে তাকে নিয়েই গল্প হয় অনেক বেশি। আমি দোয়া করি আল্লাহ শবনম আপাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।’
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন