বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আরোহী ওয়াসফিয়া নাজরীনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল নাজরীনের হাতে ক্রেস্ট তুলে দেন। একই দিনে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে অসচ্ছল ক্রীড়াসেবীর মধ্যে আরও ৩ কোটি ২৪ লাখ টাকা ক্রীড়া ভাতা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন বাংলাদেশের গর্ব ও অহংকার। তিনি গত ২২ জুলাই প্রথম বাংলাদেশি হিসেবে বিপদসংকুল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে২ এর চূড়ায় আরোহণ করেছেন। যার মাধ্যমে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
আর তাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীনকে সংবর্ধনা প্রদান করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি আমাদের দেশের এক উজ্জ্বল নক্ষত্র ওয়াসফিয়া নাজরীনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যিনি নিজের জীবনকে তুচ্ছ করে দুর্গম পথ পাড়ি দিয়ে ভূমি থেকে হাজার হাজার ফুট উচ্চতার পর্বত জয় করে বিশ্বদরবারে বাংলাদেশের পতাকাকে করেছেন সমুন্নত। বিশ্বের কাছে বাংলাদেশকে সম্মানিত করেছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, তিনি এখনো পর্যন্ত সর্বকনিষ্ঠ বাংলাদেশি এবং দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ২৬ মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় (সেভেন সামিট) করেছেন।
গত ২২ জুলাই প্রথম বাংলাদেশি হিসেবে তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে২ এর চূড়ায় আরোহণ করেন। ওয়াসফিয়া নাজরীনের এ সকল অর্জন অন্য সকল নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীনযুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অন্যদিকে একই দিনে প্রধানমন্ত্রী কতৃক ৫২ লাখ টাকা ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ১৩৫০ জন অস্বচ্ছল ক্রীড়াসেবীর মধ্যে ৩ কোটি ২৪ লক্ষ টাকার ক্রীড়া ভাতা প্রদান করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী কর্তৃক দুই জন সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে চিকিৎসা বাবদ প্রদত্ত ৫২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ক্রীড়া ভাতা ও প্রধানমন্ত্রী প্রদত্ত চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
প্রধানমন্ত্রী কর্তৃক আর্থিক সহায়তা প্রাপ্ত সাবেক ক্রীড়াবিদ (সাতারু) মো. ফজলুল হককে ২০ লাখ টাকার চেক প্রদান করা হয়। মো. ফজলুল হকের পক্ষে তার বোন জাতীয় ক্রীড়াবিদ লায়লা নুর বেগম চেকটি গ্রহণ করেন। এছাড়াও আবাহনী সমর্থক গোষ্ঠির সাবেক সভাপতি মো. শামসুজ্জামান ভূইয়াকে তার চিকিৎসা বাবদ ২ লাখ টাকার চেক ও ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র প্রদান করা হয়।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন