‘প্রবাসী উৎসব’-এ শান্তা জাহান

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ০২:১১ এএম
‘প্রবাসী উৎসব’-এ শান্তা জাহান

চলতি মাসের মাঝামাঝিতে টানা তিনদিন শারজাহ’তে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রবাসী উৎসব’। সংযুক্ত আরব আমিরাতের একটি আমিরাত ‘শারজাহ আমিরাত’। আর ‘শারজাহ আমিরাত’র রাজধানী হলো শারজাহ। সেখানেই এই প্রবাসী উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই উৎসবের উপস্থাপক, বাংলাদেশে এই সময়ের অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান।

অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করা প্রসঙ্গে শান্তা জাহান বলেন, ‘এর আগেও আমি শারজাহতে বেশ কয়েকটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছি। দেশের বাইরে হাজার হাজার মানুষের সামনে একটি অনুষ্ঠানকে নান্দনিক করে তোলার ক্ষেত্রে একজন উপস্থাপিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি যথারীতি এবারও সেই চেষ্টাই করবো ইনশাআল্লাহ।

প্রবাসী উৎসবে থাকছে বাংলাদেশের ব্যাংক বাজার, রেমিটেন্স বিষয়ে আলোচনা, চিত্রাঙ্কন ও পিঠা প্রতিযোগিতা, ফ্যাশন শো, ফোক ফেস্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চলবে। আশা করছি সবার অংশগ্রহণে এবারের প্রবাসী উৎসব আনন্দ মুখরিত হয়ে উঠবে।’

জানা যায় এবারের প্রবাসী উৎসব’-এ প্রধান অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এমপি। শান্তা জানান অনুষ্ঠান শুরুর নির্ধারিত দিনের আগেই তিনি শারজাহতে পৌঁছবেন।

এদিকে আরটিভিতে প্রচার চলতি রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’র উপস্থাপনা করার কথা থাকলেও তিনি সেখান থেকে নিজে থেকেই সরে এসেছেন। একটা সময় উপস্থাপনায় শান্তা জাহানের অনুপ্রেরণা ছিলেন শারমিন লাকী। তবে ফ্লুয়েন্টলি কথা বলার তিনি তিনি ফারজানা ব্রাউনিয়াকে ফলো করতেন।

২০১২ সালে ‘সোনার বাংলা’ অনুষ্ঠানের উপস্থাপনা করার মধ্যদিয়ে একজন উপস্থাপিকা হিসেবে তার পথচলা শুরু হয়। এক সময় অভিনয়ও করতেন শান্তা জাহান। এখন আবার অভিনয়টা টানছে তাকে। ভালো স্ক্রিপ্ট এবং তাকে গুরুত্ব দিয়ে গল্প এমন নাটকে কিংবা ওয়েব সিরিজে অভিনয়ের আগ্রহ রয়েছে তার।

এদিকে এরই মধ্যে স্টেজ মৌসুম প্রায় শুরু হয়ে গেছে। যে কারণে দেশে স্টেজ শোগুলোতেও নিয়মিত উপস্থাপনা করছেন। আর এর পাশাপাশি কয়েকটি টিভি চ্যানেলে নিয়মিত উপস্থাপনা করছেনই তিনি।

দিঠি আনোয়ার ও ইউসুফ আহমেদ খানের গাওয়া শ্রোতাপ্রিয় গান ‘একটি কথা হয়নি বলা’তে তিনি মডেল হয়েছিলেন। কোনো মিউজিক ভিডিওতে এ গানেই তার প্রথম মডেল হওয়া। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন শাখাওয়াত হোসেন মারুফ। সঙ্গীত পরিচালনায় ইউসুফ আহমেদ খান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন জাহিদুল ইসলাম।