রুকাইয়া জাহান চমক, এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী। নাটকে খুব অল্প সময়েই তিনি বেশ আলোচনায় চলে এসেছেন। চমকের স্বপ্ন ছিল অভিনয়ের পাশাপাশি মিডিয়ার নানান কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করা। সেই স্বপ্ন থেকেই তিনি হয়েগেলেন চলচ্চিত্র পরিচালক। নির্মাণ করলেন সিনেমা ‘ডি’-ঢাকা ড্রাগ ডিলারস ।
চমক জানান এই সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য তার নিজেরই। ক্রাইম সাসপেন্স থ্রিলারধর্মী এই সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী তিনি।
চমক বলেন, ‘ক্রাইম সাসপেন্স থ্রিলারধর্মী সিনেমা নির্মাণ করা খুব কঠিন। বেসরকারিভাবে এ ধরনের সিনেমা নির্মাণ করা আরও কঠিন। তারপরও প্রযোজনা সংস্থা থেকে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। আমিও আমার মেধা দিয়ে, শ্রম দিয়ে সিনেমাটি যথাযথভাবে নির্মাণ করার চেষ্টা করেছি। এতটুকু বলতে চাই, বেসরকারিভাবে এ ধরনের সিনেমা নির্মাণে কেউই সাহস করবে না। আমি-আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি। তারপরও সেই বাধা পেরিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। এখন বাকি কাজটুকু শেষ করে সেন্সরের জন্য জমা দেব। তারপর ইচ্ছে আছে চলতি বছরই সিনেমাটি মুক্তি দেয়ার।’
এদিকে এরই মধ্যে চমক মাহি ও সৌমিকে নিয়ে ‘চিড়’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজও শেষ করেছেন। এটি একটি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে। তবে তার আগে দেশের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে তার। চমক এই মুহূর্তে দেশের বাইরে অর্থাৎ থাইল্যান্ডে আছেন। সেখান থেকে শিগগিরই ফিরে এসে তিনি সিনেমার বাকি কাজ শেষ করবেন বলে জানালেন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন