এরতেজা হাসানের জামিন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ০৫:২৫ পিএম
এরতেজা হাসানের জামিন

জালিয়াতি ও প্রতারণার মামলায় আগামী ১ ডিসেম্বর পর্যন্ত জামিন পেয়েছেন দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসান।

সোমবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পাঁচ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন।

এদিন আদালতে এরতেজা হাসানের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। তবে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে, গত ৪ নভেম্বর এক দিনের রিমান্ড শেষে এরতেজা হাসানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক মো. মেহেদী হাসান। ওই দিনও জামিন আবেদন করেছিলেন এরতেজা। তবে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠান আদালত।

গত ১ নভেম্বর রাতে জালিয়াতি ও প্রতারণার একটি মামলায় রাজধানীর গুলশান এলাকা থেকে এরতেজা হাসানকে গ্রেপ্তার করে পিবিআইয়ের একটি দল। এরতেজার বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত থানায় মামলাটি করেন সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। মামলায় আরও তিনজন আসামি রয়েছেন। তারা হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।