আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য রুহুল কুদ্দুসকে(৩৯) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব -৩।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৩ টিকাটুলি থেকে এ তথ্য জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
র্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, গ্রেপ্তার রুহুল কুদ্দুস মানবপাচার চক্রের অপরাপর সদস্যদের জনশক্তি রপ্তানির কোন বৈধ লাইসেন্স না থাকা স্বত্তেও তারা সামাজিকভাবে পিছিয়ে পড়া বেকার যুবকদের মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রিসহ চাকরি দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে ভূয়া ভিসায় মালয়েশিয়ায় প্রেরণ করে।
আরিফ মহিউদ্দিন আরও জানান, মালয়েশিয়ায় অবস্থানরত তাদের আরও সহযোগীদের মাধ্যমে ভিকটিমদেরকে বিমানবন্দর থেকে রিসিভ করে নিয়ে একটি রুমে আটকে রেখে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে তাদের পরিবারের নিকট হতে মুক্তিপণ আদায় করে থাকে। এভাবে উক্ত চক্রটি দেশের বিভিন্ন এলাকার সাধারণ লোকজনকে প্রলোভন দেখিয়ে মানবপাচারের মতো জঘন্য অপরাধ করে আসছে।
তিনি আরও জানান, এসকল ঘৃণ্য অপরাধী চক্রের বিরুদ্ধে র্যাবের সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন