খাজা টাওয়ারে আগুন: নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩, ০৭:২৪ পিএম
খাজা টাওয়ারে আগুন: নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে লাগা আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এ তথ্য জানিয়েছে সশস্ত্র বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। তাদের পাঠানো ক্ষুদে বার্তায় জানানো হয়, সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিসকে আগুন নেভানোর কাজে সহযোগিতা করবেন।

এর আগে বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ৫টা ৭মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভবনে বহু মানুষ আটকে আছেন। আটকে পড়াদের উদ্ধারে আমরা কাজ করছি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি।

আরএস