অযত্ন আর অবহেলায় ধ্বংসের প্রহর গুনতে থাকা সাড়ে তিনশ বছরের পুরনো ঢাকা গেইটকে পুরনো রুপে ফেরানো হয়েছে। ইতিহাস বলছে মোগল আমলে বুড়িগঙ্গা নদী হয়ে ঢাকায় প্রবেশ করতে ব্যবহার করা হতো এই তোরণ। সেই সময় এর নাম ছিল ‘মীর জুমলার গেট’। পরে কখনো ‘ময়মনসিংহ গেট’ কখনো ‘ঢাকা গেট’ বা রমনা গেইট নামে পরিচিতি পায়।
গতবছর মে মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে এই স্থাপনার সংস্কারে উদ্যোগ নেওয়া হয়। প্রায় ৮ মাস ধরে চলে সংস্কারে কাজ। শেষ সময়ে চলছে রং আর ধোঁয়া মোছার কাজ।

নান্দনিক এই স্থাপত্য দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। শামিম নামে এক দর্শনার্থী বলেন, আমি নিয়মিত এদিক দিয়ে গুলিস্তান যাই। এতদিন এই স্থাপত্য অযত্নে ছিলো এখন এটি সংস্কার করায় সুন্দর লাগছে। এটি দেখে ইতিহাস জানার ইচ্ছে হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল বলেন, ঢাকায় আশার পর আমি নোংরা অবস্থায় দেখেছি। অনেক দিন হলো দেখছি এটি নান্দনিকতার কাজও চলছে। আজ সেটি পুর্নাঙ্গ হয়েছে। সব মিলে দারুণ লাগছে। বিশেষ করে সন্ধ্যায় লাইটিং বেশি ভালো লাগছে।
স্থপতি ও স্থাপত্য সংরক্ষণ বিশেষজ্ঞ অধ্যাপক ড. আবু সাঈদ বলেন, অতিতের স্থাপনার সাথে মিল রেখে চুনসুরকি আর ছোট ইটের সংমিশ্রণে সংস্কার করা হয়েছে এই স্থাপনার। সংস্কারের কাজের জন্য নওগাঁর পাহাড়পুর থেকে আনা হয়েছিলো ১৮ জন অভিজ্ঞ শ্রমিক। যাদের নিপুণ হাতে ৩ পিলার যুক্ত ৭টি পিলার স্থাপন করা হয়েছে।
এই গেটটি পুননির্মাণ ব্যয় হয়েছে ৮২ লক্ষ টাকা। আগামীকাল এই স্থাপনার উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন