১০ ফেব্রুয়ারি শুরু হবে ঢাকা মেয়র কাপ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪, ০৪:৪১ পিএম
১০ ফেব্রুয়ারি শুরু হবে ঢাকা মেয়র কাপ প্রতিযোগিতা

আগামী ১০ ফেব্রুয়ারি ৪র্থ শুরু হতে যাচ্ছে ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা। ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।  

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের ২৩তম কর্পোরেশন সভায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ তথ্য জানান।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, ‘আমরা ২য় বারের মতো পিঠা উৎসব করেছি এবং যথারীতি এবার সাকরাইন উৎসবও আয়োজন করেছি। বিগত ৩ বছরের ন্যায় এবারও ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে চলেছি। আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকা মেয়র কাপের উদ্বোধন করা হবে।’

ঢাকা মেয়র কাপকে নতুন প্রজন্মের সাথে বন্ধন সুদৃঢ় করা অন্যতম উপায় উল্লেখ করে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘এই আয়োজন জনগণের সাথে বিশেষত তরুণ প্রজন্মের সাথে আমাদের বন্ধন সুদৃঢ় করার অন্যতম একটি উপায়। আমি চাইবো, বিগত বছরগুলোর ন্যায় ৭৫টি ওয়ার্ড হতেই অংশগ্রহণ থাকবে। এই আয়োজনও এক ধরনের উৎসব। এর মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে এনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে বড় ধরনের ভূমিকা রাখতে পারব।’

দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় সিটি কর্পোরেশন সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। 

এছাড়াও কাউন্সিলরবৃন্দ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। কর্পোরেশন সভায় অন্যান্যের মধ্যে প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

আরএস