রাজধানীর শ্যামপুরে সড়ক দুর্ঘটনায় বাইকচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪, ০৪:৪৩ এএম
রাজধানীর শ্যামপুরে সড়ক দুর্ঘটনায় বাইকচালকের মৃত্যু

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলায় মিনি ট্রাকের ধাক্কায় সেলিম (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

সোমবার (২৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পথচারী মো. দেলোয়ার হোসেন জানান, রাতে পোস্তগোলা পুলিশ বক্সের পাশের সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল নিয়ে আহত অবস্থায় পড়েছিলেন ওই ব্যক্তি। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত সেলিমের ভাই মো. ওয়াসিম জানান, তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার নয়াবাড়ি মেহেদীপুর গ্রামে। সেলিম বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্যামপুর পোস্তগোলা এলাকায় থাকতেন এবং শ্যামপুরে একটি ওষুধ কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। রাতে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে ভাইয়ের মরদেহ দেখতে পাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সেলিমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে কদমতলি থানার উপ পরিদর্শক (এসআই) জহিরুল আলম জানান, রাতে পোস্তগোলায় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় একটি মিনি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

আরএস