ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়রের দায়িত্ব পালনের ৪ বছর শেষ হলেও উল্লেখযোগ্য কোন কাজ এখনো বাস্তবায়ন করতে পারেনি। নির্বাচনি ইশতেহারে খাল ও নদী পুনরুদ্ধারের পাশাপাশি সবুজায়ন করার ঘোষণা থাকলেও যা উপেক্ষিতেই রয়েছে।
শুক্রবার সকালে ঢাকা দক্ষিণের যাত্রাবাড়ী থানার পরিবেশ বিপর্যয়ের রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন যাত্রাবাড়ী থানা শাখা।
ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ও যাত্রাবাড়ী থানার সমন্বয়কারী সাবেক ছাত্রনেতা সৈয়দ আবুল হোসেন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম বাবু।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন- সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সর্দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি সেলিনা চৌধুরী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পলাশ, দৈনিক আলোকিত বাংলাদেশের সহ-সম্পাদক মাহমুদ সালেহীন, জনতাবাগ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজহার হোসেন, ৬০নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সনি ভূষণ তত্ত্ব।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। তবে ঢাকা শহর যেহেতু অধিক সংখ্যক লোকের বসবাসে জর্জরিত পরিবেশ বজায় রাখা খুবই কঠিন কাজ। জিয়া সরণি খাল দখল মুক্ত রাখা ও এলাকার পক্ষ থেকে খালপাড় দৃষ্টিনন্দন করতে মেয়রকে অনুরোধ জানাচ্ছি।
প্রধান আলোচক তার বক্তব্য বলেন, সবুজ আন্দোলন নিয়মিত পরিবেশ বিষয়ক সভা-সেমিনার, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। আজ যাত্রাবাড়ী থানার জিয়া সরণি খালের দুর্দশা দেখে মেয়রের কর্মকাণ্ডের প্রতি অসন্তুষ্টি পরিলক্ষিত হচ্ছে। মাঝে মাঝে তিনি মিডিয়াট্রাইলের জন্য উদ্বোধনী মূলক বিভিন্ন কার্যক্রম বিভিন্ন সময় গ্রহণ করে থাকেন। ফলপ্রসূ কোনো কাজ এখন পর্যন্ত তিনি বাস্তবায়ন করতে পারেননি তার অন্যতম নিদর্শন জিয়া সরণি খাল। সংগঠনের পক্ষ খালপাড় জুড়ে থেকে ছোট পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে। আগামীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যেহেতু সবুজ আন্দোলনের নিজস্ব অর্থায়নে সকল কার্যক্রম পরিচালিত হয় কিছুটা আর্থিক সীমাবদ্ধতা থাকলেও নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- সবুজ আন্দোলন যাত্রাবাড়ী থানার সদস্য রুমা আক্তার, আওলাদ হোসেন, রফিকুল ইসলাম, তাওহীদ আলম, হানিফ মাহমুদ প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন