শেখ হাসিনার রায়কে ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক  প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ১০:১৯ পিএম
শেখ হাসিনার রায়কে ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ আগামী ১৩ নভেম্বর নির্ধারণ করেছে আদালত।

রায়ের দিন সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে।

শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা আছে। কোনো অবৈধ কর্মকাণ্ড, নাশকতা বা সংঘর্ষের চেষ্টা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “কয়েক দিন ধরে বিভিন্ন ফেসবুক পেজে গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা ঢাকা শহরে বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর জন্য তাদের কর্মীদের নির্দেশনা দিচ্ছেন। কিছু ভিডিও বার্তায় সড়কে ব্লকেডের হুমকিও দেওয়া হচ্ছে।”

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, “প্রতিদিনই ঝটিকা মিছিলের সময় ও প্রস্তুতির সময় ফ্যাসিবাদী ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশের সব বিভাগ বিশেষ অভিযান চালাচ্ছে। নতুনভাবে কিছু কথাবার্তা ফেসবুকে ছড়ানো হলেও সেই পেজগুলো গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।”

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “সজাগ থাকা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল কাজ। সবসময় তৎপরতা বজায় থাকবে।”

ইএইচ