ঢাকায় ১৪২ স্পটে একযোগে পুলিশের ‘বড় মহড়া’

নিজস্ব প্রতিবেদক  প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ১০:২৯ পিএম
ঢাকায় ১৪২ স্পটে একযোগে পুলিশের ‘বড় মহড়া’

রাজধানীর ১৪২টি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে ‘বড় মহড়া’ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে সাত হাজার পুলিশ সদস্য অংশ নেন।

শনিবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত চলা এই মহড়ার মধ্যে ছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, বাংলাদেশ সচিবালয়, হাইকোর্ট, বঙ্গভবন, প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনা।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, “এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য কুইক রেসপন্স মহড়া।”

ডিএমপির আটটি বিভাগের মধ্যে তেজগাঁওয়ে ১৬টি, রমনায় ৩৪টি, মিরপুরে ১৪টি, মতিঝিলে ১৭টি, ওয়ারিতে ১৬টি, লালবাগে ১৫টি, গুলশানে ১৪টি এবং উত্তরায় ১৬টি স্পটে মহড়া অনুষ্ঠিত হয়। মোট ১৪২টি স্পটে এ মহড়া পরিচালিত হয়েছে।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, “মহড়ার মূল উদ্দেশ্য হলো পুলিশের ফোর্স ও অফিসারদের প্রদর্শনী; রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিয়ন্ত্রণমূলক কার্যক্রম চালানো এবং যারা অপরাধ বা অরাজকতা করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সতর্কতা প্রদর্শন করা।”

ইএইচ