দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৪:৪৩ পিএম
দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালপরিক্রমায় সময়ের ললাটে যুক্ত হলো আরও একটি নতুন বছর ২০২৬। তবে এই নতুনের আবাহন কেবল উৎসবের আমেজে নয়, বরং মহান স্রষ্টার প্রতি অসীম কৃতজ্ঞতা এবং আধ্যাত্মিক আত্মসমর্পণের মধ্য দিয়ে শুরু করেছে দেশের জনপ্রিয় দুটি গণমাধ্যম দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্ট।

বছরের প্রথম দিন (১ জানুয়ারি) পত্রিকা দুটির প্রধান কার্যালয়ে ছয়জন হাফেজের মাধ্যমে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। আল্লাহর ওপর পূর্ণ ভরসা এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর সুন্নাহ ও আদর্শকে পাথেয় করে শুরু হলো এই প্রতিষ্ঠানের নতুন বছরের পথচলা।

বছরের প্রথম সকালে যখন চারদিকে উৎসবের কোলাহল, তখন দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্টের কার্যালয়ে বিরাজ করছিল এক অপার্থিব প্রশান্তি। ছয়জন হাফেজের সুমধুর কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠানের প্রতিটি কোণকে যেন নূরানী আলোয় আলোকিত করে তুলেছিল।

পত্রিকার মুদ্রণ সংস্করণ থেকে শুরু করে অনলাইন পোর্টাল, মাল্টিমিডিয়া, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবকিছুর সফলতার জন্য আল্লাহর রহমত কামনা করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রতিষ্ঠানের কর্ণধার ও সংবাদকর্মীদের বিশ্বাস, যে কাজের শুরুতে আল্লাহর কালাম থাকে, সেই কাজে মহান রব্বুল আলামিন অবশ্যই বরকত দান করেন। নবীজীর (সা.) অনুসরণের মধ্য দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার যে কঠিন পথ, তা যেন সহজ হয় সেই দোয়াই ছিল সবার মুখে।

কোরআন খতম শেষে আয়োজিত দোয়া মাহফিলে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্টের নির্বাহী সম্পাদক শরীফ রফিকউজ্জামান অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এবং রুদ্ধকণ্ঠে গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও উপস্থিত ইমাম সাহেবের প্রতি এক বিশেষ আরজি জানান।

তিনি বলেন, ‘আজ আমাদের আনন্দের দিন হতে পারতো, কিন্তু হৃদয়ের এক কোণে জমে আছে গভীর বেদনা। আমাদের মাঝে আজ নেই সেই মহাকাব্যের নেত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী। যিনি এদেশের মানুষের অধিকার আদায়ে আজীবন লড়াই করেছেন। আজকের এই পবিত্র দিনে আমি বিনীত অনুরোধ করছি, আপনারা আমাদের এই নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে একটু খাস দিলে দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন।’

নির্বাহী সম্পাদকের এই আহ্বানে উপস্থিত সকলের চোখে জল নেমে আসে। এক শোকাতুর পরিবেশে ইমাম সাহেব দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয় হে আল্লাহ, দেশ ও মানুষের কল্যাণে যার ত্যাগ ছিল অপরিসীম, তাঁকে তুমি রহমতের চাদরে ঢেকে নাও।

দোয়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নির্বাহী সম্পাদক আরও বলেন, সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশন নয়, এটি একটি ইবাদত যদি তা সত্যের পক্ষে হয়। ২০২৬ সাল আমাদের জন্য অনেক চ্যালেঞ্জের। একদিকে নতুন সরকারের সময়কাল, অন্যদিকে জনগণের আশা-আকাঙ্ক্ষা। আমরা যেন আমাদের কলমকে অন্যায়ের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করতে পারি এবং সত্য প্রচারে কোনো শক্তির কাছে মাথানত না করি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহান আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করা হয় যাতে ২০২৬ সালটি বাংলাদেশের জনগণের জন্য স্বস্তির ও শান্তির হয়। বিশেষ করে দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোষ্টের সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা, হকার্স এবং পাঠকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

আল্লাহ তাআলার দরবারে আমাদের মিনতি হে দয়াময় প্রভু, এই কোরআন খতমের উছিলায় আমাদের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন। ২০২৬ সালে আমাদের এই প্রতিষ্ঠান যেন সফলভাবে দেশ ও জাতির সেবা করতে পারে। আমরা যেন আমাদের নীতির কাছে অটুট থেকে কলম যোদ্ধা হিসেবে টিকে থাকতে পারি। আল্লাহ আপনি আমাদের সহায় হোন। আমিন।

ইএইচ