রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি আবাসিক ভবনে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও সন্তান রয়েছেন।
শুক্রবার সকালে ১৮ নম্বর সড়কের একটি ৭ তলা ভবনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, নিহত ৫ জনের মধ্যে এখন পর্যন্ত ৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন ফজলে রাব্বি (৩৭), হারেস (৫২) ও তাঁর ছেলে রাহাব (১৭)। এই অগ্নিকাণ্ডে হারেসের স্ত্রীও প্রাণ হারিয়েছেন, তবে তাঁর নাম এখনো জানা যায়নি। এছাড়া অন্য আরও একজনের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। তাঁরা ওই ভবনের পাঁচ তলায় ভাড়া থাকতেন। পুলিশ বর্তমানে নিহতদের আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করে পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। গুরুতর দগ্ধ ও আহত আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৭টা ৫৪ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। কর্মীরা ৭টা ৫৮ মিনিটে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১০টার দিকে তা সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনটির নিচের তলা থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও পুলিশ অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন